স্বাধীনতা--- এক হারানো সুর
মধুমঙ্গল বিশ্বাস
স্বাধীনতার সঙ্গে আমার প্রত্যেক বছর একবার অন্তত দেখা হয়
সবার যেমন হয়, আগস্টের মাঝামাঝি, বর্ষণমন্দ্রিত নির্মল প্রভাতে---
পতাকায় পতাকায় ছয়লাব, মাইকে ভাষণে--- প্রভাতফেরি আর বর্ণিল উদযাপনে
বন্দেমাতরম-মিষ্টি-ফুল-আলতারঙা বেদির ককটেলে
জনারণ্যের এই মিলিত দেখার অন্তরালে
স্বাধীনতার সঙ্গে আমার বছরের প্রতিটি দিনই দেখা হয়---
বস্তুত প্রতিটি দিনের চব্বিশ ঘণ্টা, প্রত্যেকটি মিনিট
এমনকি প্রতিটি সেকেণ্ডে আমাদের মেলামেশা, কথোপকথন
ভাব-বিনিময় হয়
সে আমাকে ভালোবেসে বুকের দেরাজ খুলে খাজাঞ্চি দেখায়
পলাশীর যুদ্ধ থেকে উণিশশো সাতচল্লিশের মধ্যরাত---
নেহেরুর কাব্যিক ভাষণ!
ইতিহাসের প্রতিটি পাতা সে আমার অনুসন্ধিৎসু তাড়নার সামনে মেলে ধরে।
তীর্থের কাক হয়ে দৃশ্য থেকে দৃশ্যান্তরের আলো-ছায়ায় আমি বিস্মিত পরিব্রাজক…
সে আমাকে পরাধীনতার গ্লানি থেকে মুক্তির আনন্দ বিলি করে
আমার অন্তরাত্মা বুঝতে চায় ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়’
স্বাধীনতা আমাকে সাতচল্লিশের পূর্ব ও পরবর্তী ভয়ংকর দাঙ্গার ছবি দেখায়
চোখের মধ্যে তোলপাড় করে মোয়াখালি বেলেঘাটা
দেখতে পাই মোহন দাস করমচাঁদ গান্ধি অনশন করছেন
শ্রবণে অনুরণিত হয় তাঁর শান্তির সকাতর আবেদন---
আমি তাকে গুজরাট দাঙ্গার কথা বলি
তার মুখ ম্রিয়মান হয়ে ওঠে
তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়
সে আমাকে মহান বিপ্লবীদের ত্যাগ ও তিতিক্ষার কথা বলে---
আমি তাকে নীরব মোদির কথা বলি
তাকে বলি, রাষ্ট্রীয় সংস্থাগুলি সব বেসরকারিকরণ হয়ে যাচ্ছে
বেকারে বুভুক্ষে নাভিশ্বাস উঠছে ভারতমাতার
ইংরেজদের থেকে বহুগুণ ভয়ঙ্কর মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে আমার স্বদেশ
ফ্যালফ্যাল করে একবার সে আমার দিকে তাকায়, একবার নিরন্ন স্বদেশের দিকে
কোনও কথা বলতে পারে না আর
স্বাধীনতার সঙ্গে আমার সর্বমোট ৫৮ বার সাড়ম্বর সাক্ষাৎ হয়েছে
সে আমাকে ২০০ বছরের পরাধীনতার কথা বলে
আমি পেছোতে পেছোতে দুশো নয়, দু-হাজার বছর অতিক্রম করে যাই
সে আমাকে আগামীর ডিজিটাল ভারতবর্ষের কথা বলে
আমি তাকাতে চেষ্টা করি আসন্ন ভারতবর্ষের ডিজিটাল মানচিত্রের দিকে
দৃষ্টি ঘোলাটে হয়ে আসে
বুকের ওপর চেপে বসে প্রতারণার পর্বত
দেখতে পাই খোলা আকাশ নেই অবারিত মাঠ নেই
জলহীন শস্যহীন কর্মহীন উদ্যোগহীন আলোহীন
সততারহিত এক লুণ্ঠিত শ্মশান
মানুষ--- শুধু মানুষ--- নিরন্ন মানুষ---
নীতিহীন রীতিহীন সভ্যতা সংস্কৃতিহীন দিশাহীন সংখ্যার দাপাদাপি
হায় আমার ডিজিটাল ভারতবর্ষ!
সবার সঙ্গেই দেখা হয় বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গকিলোমিটার বিস্তৃত
বিপুলায়তন প্রিয় স্বদেশের ভূভাগে---
দেখা হয় না আপনার সঙ্গে বিবেকানন্দ!
দেখা হয় না আপনার সঙ্গে নেতাজি!
গান্ধিজি আপনি কোথায়?
ভারতবর্ষ আপনাদের খুঁজছে---
কুটুমবাড়ি, ১৫ আগস্ট ২০২১
0 মন্তব্যসমূহ