প্রতিদিন বাংলাভাষা. স্রোত কৃষক আন্দোলন সংখ্যা ১৪:১২:২০২০

প্রতিদিন বাংলাভাষা. স্রোত 
কৃষক আন্দোলন সংখ্যা 
১৪:১২:২০২০


নতুন তিন কৃষি আইন/
সুব্রত  দেব

পেট ভরে না কর্পোরেটের
খাঁই যে তাদের আরো
তাই তো নতুন কৃষি আইনে
বাজলো চাষীর বারো ।

বিভেদ ছাড়াই চাষী সবাই 
প্রতিবাদে জড়ো
তাই তো তারা কর্পোরেটরা 
কাঁপেন থরো থরো ।

মনে প্রাণেই ভেবেছিলেন
বন্ধু শাসক মূঢ়
ভয় দেখিয়েই দেবেন চাষীর
একতাকে গুঁড়ো।

হলো না তাই একতাকে 
করতে ছিতুর্ছান
হাতে হাতে দিল্লির লাড্ডু
যাকেই কাছে পান ।

ভবি তাতেও ভুলল না তাই
হতাশ শাসক শেষে 
ইচ্ছে যে তার যুদ্ধ জেতার 
গুজব দিলেন ঠেঁসে ।

যুদ্ধ হলো অনিবার্য 
বিলের মৃত‍্যু চেয়ে
সারা দেশের অন্নদাতা
এলেন ধেয়ে ধেয়ে ।

কে যে শুদ্ধ, কে অশুদ্ধ 
জানতে যদি  চাও
আর দেরি নয়, আজই তবে
দিল্লি চলে যাও ।

একটি পক্ষে জলকামান,
বুলেট, কাঁদানে গ‍্যাস
আরেক পক্ষে নিরস্ত্র সব
চাষীর সমাবেশ ।

এমন ছবি দেখেও যদি
নিরপেক্ষই থাকো,
বুঝবো তুমি ইচ্ছে করেই
শাক দিয়ে মাছ ঢাকো ।

জানি তোমার ঢেকে রাখার
স্বাধীনতা আছে 
কিন্তু তোমার এই চরিত্র
প্রকাশ হলে পাছে
রেগে মেগে তোমায় সবাই 
শুরু করলে ছি ছি,
তার দায়টা কেন আমি 
নেবোই  মিছিমিছি !

তাই তোমাকে আগেভাগেই 
জানিয়ে দিতে চাই
যুদ্ধকালে আসল কাজ তো
পক্ষ  নেয়াটাই  ।

কোন সে পক্ষে পা বাড়াবে
সে তো তোমার খেলা 
ব‍্যর্থ সকল প‍্যাথিই কিন্তু
নিরপেক্ষর বেলা ।

৩ ডিসেম্বর  ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ