প্রতিদিন বাংলাভাষা.স্রোত /ত্রিপুরার কয়েকটি উপন্যাস আলোচনা সংখ্যা :১৯:১২:২০২০

পাঠকামি-১।। 
"আইলাইনার"
লেখক: দিব্যেন্দু নাথ।
প্রকাশক: স্রোত প্রকাশনা।
মূল্য: ৩০০ টাকা।
আগরতলা বইমেলা ২০১৮।।

আলোচনা :অপাংশু দেবনাথ 
-------------------------------------------

"আইলাইনার"। লেখক দিব্যেন্দু নাথ।দিব্যেন্দুর এ বইটি পড়তে অনেকদিন কেটে গেলো। গ্রীষ্মের ছুটি পড়ার আগেই এক আত্মীয়ের সঙ্গে চেন্নাই যেতে হয়েছিলো অকস্মাৎ আমাকে। তখন আইলিনারের পাঠ অসমাপ্ত থাকে। ফিরে এসে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদএর খাতা মূল্যায়নের করণে আবার বাধা পড়ে। 
কাল আজ পড়ে শেষ করে মনে হলো ক'থায় আমার পাঠপ্রতিক্রিয়া রাখতে পারি।
আইলাইনার অতি সহজ সরল শব্দে রচিত ফেলে আসা সময়ের ও বর্তমানে অন্তরে নির্লোভ প্রেমযাপনের প্রত্নকথা যেন।মাটির গন্ধমিশ্রিত সাধারণ নরনারীর প্রেমকাহিনী।বরং বলতে পারি ফেলে আসা সময়ের জলছবি। একাত্তরটি পর্বে আইলাইনারের কাহিনীকে বিন্যস্ত করা হয়েছে। কাহিনীর নায়ক দিব্য আর যাকে ভেবে বা সামনে রেখে কাহিনীটি এগিয়ে গেছে এক পরম অতৃপ্তিবোধের দিকে সে আইলাইনার।  স্কুল পড়ুয়া দুই কিশোর কিশোরীর প্রেম। জীবনে আর দশটি অপরিণত প্রেমের মতোই দিব্য ও আইলাইনারের প্রেম সার্থক পরিণতির দিকে এগোতে পারেনি।উভয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের সংসারে কেটে যাচ্ছিলো বেশ। লেখক কাহিনীর শুরুতেই পাঠককে নিয়ে যায় ফ্ল্যাসব্যাকএ।বলতে গেলে পুরো কাহিনীটি বাস্তবে অতিচলমান কিন্তু মূলকাহিনী যেন একটু পর পরেই তার পাঠককে স্মৃতির ডায়নামো ঘুরিয়ে নিয়ে যায় কৈশোরে। স্কুলে।সরস্বতী পুজোয়। দিব্য তার সকল বন্ধুদের থেকে আলাদা। একটা নেতৃত্ব দেবার মনোভাব তাকে ভিড়ের মধ্যেও স্বতন্ত্র করে তুলেছে। নাটকের মাঠে। ভিড়ে। আইলাইনারএর সঙ্গ। আধোআলো। মানুষের গুঞ্জন। সবকিছুতেই যেন আইলাইনার।তার প্রেম দিব্যকে বার বার আইলাইনারের ভাবনায় মগ্ন থাকতে বাধ্য করেছে। জীবন হয়তো এভাবেই মানুষকে তার কাঙ্ক্ষিত পরিণতির দিকে পৌঁছুতে দেয়না। দিব্য ও আইলাইনারও কৈশোরের প্রেমের গন্ডি ডিঙিয়ে সংসার জীবনে প্রবেশ করতে পারেনি কিন্তু তাদের প্রেম অনন্ত।  অন্তরে চিরকালীন আইলাইনার মেখে বেঁচে আছে দিব্য।

সুদূর কাঞ্চনপুর থেকে দিব্যেন্দু এই অসাধারণ কাজটি করেছে। কিছু জায়গায় অতিকথন রয়েছে হয়তো প্রথম বই বলে।  সেদিকে দিব্যেন্দু নিশ্চই আগামী সময়ে নজর রাখবেন। আর কিছু বানান প্রমাদ রয়েছে তাও নজর রাখতে হবে। সব মিলিয়ে বেশ আবেশে কাটলো আমার দিন। দিব্যেন্দু নাথের প্রথম বই।আমার অফুরাণ শুভকামনা রইলো। দিব্যেন্দু নাথের  নতুন বইয়ের অপেক্ষায় থাকলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ