প্রতিদিন বাংলাভাষা. স্রোত
কৃষক আন্দোলন সংখ্যা
১৪:১২:২০২০
কবিতা:সুব্রত দেব
নতুন তিন কৃষি আইন ।। সুব্রত দেব
পেট ভরে না কর্পোরেটের
খাঁই যে তাদের আরো
তাই তো নতুন কৃষি আইনে
বাজলো চাষীর বারো ।
বিভেদ ছাড়াই চাষী সবাই
প্রতিবাদে জড়ো
তাই তো তারা কর্পোরেটরা
কাঁপেন থরো থরো ।
মনে প্রাণেই ভেবেছিলেন
বন্ধু শাসক মূঢ়
ভয় দেখিয়েই দেবেন চাষীর
একতাকে গুঁড়ো।
হলো না তাই একতাকে
করতে ছিতুর্ছান
হাতে হাতে দিল্লির লাড্ডু
যাকেই কাছে পান ।
ভবি তাতেও ভুলল না তাই
হতাশ শাসক শেষে
ইচ্ছে যে তার যুদ্ধ জেতার
গুজব দিলেন ঠেঁসে ।
যুদ্ধ হলো অনিবার্য
বিলের মৃত্যু চেয়ে
সারা দেশের অন্নদাতা
এলেন ধেয়ে ধেয়ে ।
কে যে শুদ্ধ, কে অশুদ্ধ
জানতে যদি চাও
আর দেরি নয়, আজই তবে
দিল্লি চলে যাও ।
একটি পক্ষে জলকামান,
বুলেট, কাঁদানে গ্যাস
আরেক পক্ষে নিরস্ত্র সব
চাষীর সমাবেশ ।
এমন ছবি দেখেও যদি
নিরপেক্ষই থাকো,
বুঝবো তুমি ইচ্ছে করেই
শাক দিয়ে মাছ ঢাকো ।
জানি তোমার ঢেকে রাখার
স্বাধীনতা আছে
কিন্তু তোমার এই চরিত্র
প্রকাশ হলে পাছে
রেগে মেগে তোমায় সবাই
শুরু করলে ছি ছি,
তার দায়টা কেন আমি
নেবোই মিছিমিছি !
তাই তোমাকে আগেভাগেই
জানিয়ে দিতে চাই
যুদ্ধকালে আসল কাজ তো
পক্ষ নেয়াটাই ।
কোন সে পক্ষে পা বাড়াবে
সে তো তোমার খেলা
ব্যর্থ সকল প্যাথিই কিন্তু
নিরপেক্ষর বেলা ।
৩ ডিসেম্বর ২০২০
0 মন্তব্যসমূহ