সোমা লাহিড়ী মল্লিক
বন্দনা
সোমা লাহিড়ী মল্লিক
তোমার স্মরণে মরনের পার হতে
পুষ্পমালা বর্ষিত আজ প্রভাত পাতে,
জানিলে না কবি, অমর তুমি
সৃষ্টি সুধা ছড়িয়ে রেখেছ, জড়িয়ে হৃদ-মাঝারে।
বাজছে আজও দিকে দিকে গান, কলতান-
ওঠে, পাখি ফেরে নিড়ে, অঞ্জলি ভরে
হাতের পাতায়, মাধুরী মিশায়ে, অশ্রু সাজায়ে
দিতে চাই আজ অর্ঘ্য তোমারে, পূজিব মন মন্দিরে।
কালের যাত্রা, দেবতার গ্রাস, রথের রশি পড়ে আছে
পথে, চলি নিজ মনে, আশ্রয় নিতে তাই শান্তি-নিকেতনে।
কলম যখন শাশ্বত হয়, দুরদর্শী ভাবনার জয়
ঈশ্বর কোটি জন্ম নিলে হয় বর্ষব্যাপী প্রতিক্ষার অবসান।
আমি করি শুধু বন্দনা গান, রচনা বিহীন অলীক সে তান,
যদি থেমে যেতে চায় কখনও, তুমি এসে টেনে নিয়ে যেও
দূরে, আলোকমালার ওই ওপারে, বাজে বাঁশি বুকে,
দৃষ্টি হারিয়ে বুনি অন্তর্জাল। আবার আসো যদি
যেওনা ফিরে, শিখবো নতুন বসে পদতলে,
আমি যদি যাই, কবি বেঁচে থাক সৃষ্টি সুখের উল্লাসে।
©Soma Lahiri Mallik
Bilaspur, Chhattisgarh, India
শ্রাবণ
সোমা লাহিড়ী মল্লিক
শ্রাবণ চেনো কি?
শুনেছ কি কানপেতে
পাতার উপর জলের শব্দ!
দেখেছ কি কেমন ভাবে গাল বেয়ে
টপ টপ করে পড়তে থাকে বর্ষা
জীবনের যে গোপন খাতাতে
মলাট দেওয়া নেই, পাতাগুলো ঝরঝরে
কালি লেপ্টে যায় মুখময়
রাতের অন্ধকারে টুপ টুপ শব্দ
জল পড়ছে, শ্রাবণ ভিজছে অঝোর ধারায়।।
©Soma Lahiri Mallik
Bilaspur, Chhattisgarh
স্মরণে জয়ন্ত ঘোষ
তোমার চলে যাওয়া বজ্রাঘাতের মত,
চলে যাওয়া নয়, এ যে ছেড়ে যাওয়া,
দমকা বাতাসে ওলট পালট স্রোত
হাহুতাশ আর চারিদিকে আফসোস
ঘটা করে আড়ম্বরের প্রস্তুতির অঘটন
মোহময় সুমধুর রাগ, বকার হঠাৎ স্খলন
এক বটবৃক্ষের পড়ে যাওয়া অকারণ
শোক থেকে অশোক হবার স্মৃতিচারণ।
কেনো খসে পড়ে অসময়ে তারারা
কেনো এসে বলবে না আমি আছি তো!
এ যাওয়া শেষ যাওয়া নয় তো, এ যাওয়া
ঝুড়িদের শক্ত হবার, শপথ নেবার,
কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলার বেড়ে ওঠার।
@ সোমা লাহিড়ী মল্লিক
বিলাসপুর, ছত্তিসগড়
আছি
সোমা লাহিড়ী মল্লিক
যদি ভাগ করেনি আমার আনন্দকে
মাঝ রাতের ওই পোশাকিভদ্রতাকে
কোন কিছু আজ থামবেনা অজুহাতে
আগেকার মতো হিসাব জমার সাথে।
দিনের শেষে একান্তে এসে খুলি
মনের খাতার মলাট উল্টে দেখি
ব্যস্ততম মুহুর্তের ছোট্টো চুম্বনে
অলিগলি বেয়ে রাজপথে হাত রাখি।
তুমি সেই আছো আজও তোমাতেই
আমি বুঝি আছি মিশে সব রঙেতেই।
কথা শেষে কথা রেখেছিলে কতবার,
আমি সেই আছি, অকারণে পাশে বসবার।।
©Soma Lahiri Mallik
Bilaspur, Chhattisgarh
নিয়ে চলো
সোমা লাহিড়ী মল্লিক
মনে হয় বাহু বাড়িয়ে দি,
বলি হে সখা নিয়ে চলো
নিয়ে চলো সেই সুদূরে,
যেখানে অমৃত পথের কিনারায়
সারি সারি ফলে আছে অমৃত ফল
আকাশবাণী হয় এসো আমার ঘরে,
নিয়ে চলো সেই আলোর ভুবনে
যেখানে জোৎস্না নামে পাহাড়ের চূড়ায়,
আমি যাবো সেই গান শুনতে, সেই সুর
আমাকে নিয়ে যাবে এক স্বর্গোদ্যানে
পারিজাতের সুগন্ধে বাতাস হবে মধুময়।
নিয়ে চলো সেই স্নিগ্ধ মেঘের কোলে
ছবির মাঝে আমি ডুবি সেই আলেয়ায়।।
© Soma Lahiri Mallik
Bilaspur, C.G.
0 মন্তব্যসমূহ