আমি ও সত্তা দুই বন্ধু।
আমরা নিজেরা নিজেদের নিয়ে কথা বলি।
আমাদের মধ্যে সব ধরণের কথাই হয়
প্রেম, বিরহ, দু:খ, আনন্দ, যৌনতা.......
আমরা এক সাথে চা খাই। সিনেমা দেখি। পছন্দ মিলিয়ে বাজার করি। ভাত খাই। স্নান করি। ঘুমোতে যাই.....
সে বলে তার অন্ধকার ভালো লাগে না
আমি বলি আলোকে আমি ঠিক চিনে উঠতে পারি না
কেমন যেন ধাঁধা।
সে বলে সমুদ্র তার কাছে এক আশ্চর্য নগ্নতা
আমি বলি পাহাড় জঙ্গল.....
সে আমাকে সমুদ্রের পুরুষতার গল্প শোনায়
আমি শোনাই তাকে পাহাড়ের অচঞ্চলতা, জঙ্গলের রহস্য ও রুপকথার গল্প।
সে ফুঁপিয়ে কেঁদে উঠলে, আমিও কাঁদি।
এমনি বন্ধুত্ব আমাদের;
তবুও আমাদের দৈরথ হয়। ভালোবাসাবাসি হয়
কিন্তু এমনি কপাল আমাদের
এতটা নৈকট্যে থেকেও কেউ কাউকে চুমু খেতে পারিনা।

0 মন্তব্যসমূহ