ফুলের দোলায়দোলে শ‍্যাম-রাই // নীতা কবি

ফুল দিয়ে সাজা সোনার দোলায় দোলে দেখ বাঁকাশ‍্যাম
রাই আমাদের গরবিনী বড়ো জপে খালি শ‍্যাম-নাম।

শ‍্যামল-কিশোর ঝুলনিয়া ঝুলে নব তমালিকা সাথে
নাচে শ‍্যামসুন্দর, নাচে বিহগ-বিহগী, ময়ূর-ময়ূরী তাতে।

বৃক্ষ-পল্লব আনন্দে নাচে যমুনার জল সাথে
রাধা আমাদের বিধুমুখী, সে যে রাঙ্গা হয় লজ্জাতে।

শ‍্যামের বাঁশীটি বাজে মধুসুরে, মন যে লাগে না কাজে
কূলবধু আমি, গোপের দূহিতা এমন কাজ কি সাজে?

ঘরে আছে যে গো জটিলা কূটিলা, তুমি কি জানো না বঁধু?
তাদের এড়ায়ে আসিব কিরূপে বাজে তব বাঁশী শুধু।

ওগো শ‍্যাম, তব পায়ে পড়ি বঁধু আজ নয়, কাল যাবো
কলঙ্কিনী রাধা, এ নাম লয়ে কি সংসারে  ঠাঁই পাবো?

শ‍্যামের লাগিয়া সকলি ত‍্যাজিবে তবে তো শ‍্যামেরে পাবে
রাই-বিনোদিনী, শ‍্যামের গোপিনী, জগতে সে নামে রবে।

শেষে ত্বরা করি আসে রাধারাণী যমুনা পুলীন ধারে
রাধাশ‍্যামের যুগলমিলনে বিনোদিনী লাজে মরে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ