তাই বলে তুই ভাসিয়ে দিবি?
পুষ্পিতা চট্টোপাধ্যায়
এত দরকার কে বলেছে কোন হরিদাস বৃষ্টিকণা তোকে?
ঘাস ঝমঝম ঘাস ঝমঝম দুলে পড়ার একনাগাড়ি পাঠ।
শিউরে উঠি সকালবেলা, ঘুম ঘুম চোখ নদীর ঢেউএ ঢেউএ
ভেসে যাচ্ছে পুকুর সমেত আগুন ফোটা একরত্তি মাঠ!
একী বিড়ম্বনা! তরুলতার তৃষ্ণা ছিল ঠিকই চাতকপাখি তপ্তরোদে ঘাস চিপে রোজ চটকাত রস।
পায়নি কিছুই শুধুই মাটি ফুটছিল খুব তাওয়ার মত রেগে!
তাতেই নাকি মেঘ এনেছে বৃষ্টি প্রলয় বন্যা ও ধ্বস।
আর পারিনা! তেপান্তরের মতই নদী বইছে ঘরে
ধূ ধূ নদীর জল দেখা যায়, একেই বলে আদিগন্ত বান।
খরায় যারা মরেছিল পাখির পালক, মাছের দু চোখ••••আর যা কিছু
নতুন করে উঠল ভেসে, কুকুর গরু নিরীহ কিছু প্রাণ।
ধানজমিটা ভাসছে না আর ডুবের ভেতর গভীরতম ঘুমে
ঘুমোয়না কে? সুর্যও তো! জলের তলায় ঘরবাড়িও শোকে।
পাথর সবাই কেউ কাঁদেনা, খিচুড়ি আর ত্রাণের পিছে ছুটে
বৃষ্টি তোকে দরকার খুব , তাই বলে তুই অন্ধ হবি' মুষলধারার ঝোঁকে?
0 মন্তব্যসমূহ