বায়োপিক // রাজীব মজুমদার

আমাদের অধীনে তবে কিছুই নেই,
শিকে ঝুলে থাকা অসহায় মাংস
নিজের বায়োপিকে মশলা মাখছে।
কুকুর বেড়াল কাক ইত্যাদি প্রণালীতে
বিকোচ্ছি দেশি মদের পাশের দোকানে।
তদন্তসূত্রে শহরের খন্ডচিত্র প্রতিদিন
খবরের কাগজে শিরোনাম হয়,
অন্যথায় আমাদের শ্রেষ্ঠ কবিতা নিয়ে
কোনো খবর নেই দেশজুড়ে!
অধীনের কলম হুকুমদখলে -
মনে আক্রোশ নেই, অনর্গল অক্ষর নেই,
যে, সাহস করে বলতে হবে!
আমরা হেঁট হয়ে বসে থাকি
সুবিধাবাদের উলঙ্গ কন্দরে।
জলফড়িংয়ের মতো ছুঁয়ে ছুঁয়ে যাই
জলের উষ্ণতাকে।
কোনো উৎকণ্ঠা নেই কুয়াশা নিয়ে,
কোনো প্রসন্নতা নেই রোদ নিয়ে।
মনের গভীরে সমন ছুটে যায় -
বেওয়ারিশ সব প্রশ্ন, প্রশ্ন খালি প্রশ্ন ...
আমাদের অধীনে কি তবে আমরাও নেই !

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ