কাল্পনিক শব্দ // জয়ীতা লস্কর

শব্দের আনাগোনা রোজই শুনি,
পাহাড়ের চুপটি থাকার অভ‍্যাস আমি জানি।

পাহাড়ের ডানদিকে দৃঢ় নারকেল গাছ,
সহস্র সূঁচালো অস্তিত্বের সঙ্গ বাতাসের আর্তনাদ।

দুটি পাখি প্রায়শই ভালবাসার গান করে,
সেগুন গাছের পশ্চিমের মুরো বাঁকা ডালে।

মাথার উপর সাদা প‍্যাঁজা তুলোর আকাশ,
বাতাসের বিপক্ষে পাখির ডানা ঝাপটানোর সংঘাত।

কর্মক্ষম পিঁপড়েরা বেকার নয় আমার মতো,
প্রতি পলকের সাথে তাদের পদধ্বনি তীব্রতর হত।

ঝরা পাতার অভিমান শোনা যায়,
মৃত্তিকায় তাদের কবরস্তুূপ দেখা যায়।

প্রায়শই নির্জন পাহাড়ের সংখ‍্যা গুনি,
আমি দূরান্তের শহরে থেকে কাল্পনিক শব্দ শুনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ