প্রেমিকা // উর্মি সাহা

দিন শেষে তোমার ক্লান্তির খবর
আমিই নিতে চেয়েছি,
তোমার মন খারাপের আড়ালে
মন ভালো করার উপদ্রব
আমিই হয়ে উঠেছি,
তাই আমি প্রাক্তন হতে পারি নি।।

তোমার ব্যস্ততায়
তোমায় অক্ষমতায়
কটূদৃষ্টিতে আমি অক্ষম হইনি,
তোমার ভাঙা কন্ঠের সাথে
সুর মিলিয়ে আমিও সুর দিয়েছি,
তাই আমি প্রাক্তন হতে পারি নি।।

তোমার অগোছালো অভ্যাসগুলো
আগলে নিতে নিজেকে দ্বন্দ্বে বাঁধাইনি,
তোমার প্রাক্তনের চিঠি গুলো
আমি আমার পত্রে মেলায়নি,
তাই আমি প্রাক্তন হতে পারি নি।।

তোমার একান্তে আমি তোমার
বন্ধু হতে আধুনিকতার খোঁজ করিনি,
তোমার অসম্পূর্ণতায় তোমায়
সম্পূর্ণ করতে অজুহাতে ব্যস্ত হইনি,
তাই আমি প্রাক্তন হতে পারি নি।।

ভালোবাসার সন্ধান পেতে আমি
রেস্টুরেন্টের কড়া নাড়তে চাইনি,
ডিজিটাল হয়ে তোমার
শারীরিক উষ্ণতায় নিজেকে মাতাইনি,
তাই আমি প্রাক্তন হতে পারি নি।।

তোমার ব্যক্তিত্বকে বুঝে উঠতে
আমি তোমার প্রাক্তনকে খুঁজিনি,
তোমার জীবনীতে প্রশ্ন সাঁজিয়ে
আমি তোমার প্রাক্তন হয়ে উঠিনি,
তাই আমি প্রাক্তন হতে পারিনি
আমি প্রেমিকের প্রেমিকা হয়েছি।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ