গন্ধবণিক
পঙ্কজ বণিক
ঝড়ো সমুদ্রের বুকে তেলের পিপি ঢেলে দিলে শান্ত হয় ঢেউ
একথা জেনেই গন্ধপণ্য বহনকারী জাহাজ
তীব্র কালবৈশাখীর দিনে পাড়ি দেয় বন্দর।
তুমি জানো, আমের ফলন যে বছর বেশি
মেঘেরও বেড়ে যায় স্তনভার।
ঝড় উঠে তখন গন্ধবণিকের বুকে- চোখে-মুখে,
জাহাজডুবির ভয়ে সে ঢেউয়ের দিকে বারবার ছুঁড়ে দেয় বাণিজ্যের চাঁদ।
সেই চাঁদ ভরাকোটালের মায়ায় ঘিরে রাখে
বন্দর অবধি সমুদ্রপথ।
পণ্য হারাবার ভয় ঘিরে ধরে তাকে
বজ্রপাতের নিদারুণ শব্দে
যেন বীর্যস্খলনের তুমুল আয়োজন চলে মেঘে মেঘে
তেজারতি জীবনে মিলনোন্মুখ
তোমার নাভিপ্রদেশের দিকে ছুটে যায় জাহাজ,
তোমার কাছে পৌঁছোবার জন্য তাকে দীর্ঘদিন ধরে সমুদ্রের বুকে
একটি গন্ধপূর্ণিমার অপেক্ষা করে যেতেই হয়।
০৭.০৫.২০১৮
বিকেল ০৪:৩০
0 মন্তব্যসমূহ