করোনা আবহে
-------------------
রামু দাদা কিনেছে রুমাল ,
কাশতে কাশতে হয়ে লাল ।
নব দাদা নাকে গুঁজে তুলো ,
আটকে রাখে দুরন্ত ধুলো ।
করোনা আবহে বন্দী শ্যাম ,
মালায় জপে হরির নাম ।
গ্রন্থ আমাদের মিতা
--------------------------
চলার পথে প্রেরণা যোগায়
বেদ - বাইবেল - গীতা ;
উপনিষদে পাই তত্ত্বজ্ঞান
রামায়ণে রাম - সীতা ।
গ্রন্থসাহেব রেখেছি হৃদয়ে
কোরাণ - পুরাণ হাতে ;
মহাভারত পাঠ করি রোজ
ত্রিপিটক রাখি হাতে ।
কল্পনার বিনাশ
-------------------
চাঁদের বুড়ি চরকা কাটে
চাঁদের পিঠে বসে ;
শৈশবে তার রূপ দেখেছি
মনের জমি চষে ।
চরকা তুলো জালের সুতো
কালের গর্ভে রেখে ;
শিশুরা আজ ঘরের কোনে
সেলফি তুলে দেখে ।
স্পষ্ট কথা
-------------
ছন্দে ঋদ্ধ বাংলা ভাষায়
ছড়া পড়তে কত আনন্দ ;
অংক দেখে আতঙ্ক জাগে
করতে গেলে মগজ বন্ধ।
ইতিহাস বই ব্যাগে রেখে
টের পাই রোজ পিঠে কষ্ট ;
ভূগোলে খালি গোলের দেখা
মাতৃভাষায় বলছি স্পষ্ট।
বিজ্ঞান শিখে বাড়েনি জ্ঞান
সমীক্ষা করে দেখেছি ভাই ;
পথের মাঝে ময়লা ফেলি
বাজি কিনে দূষণ বাড়াই।
মাঠে যেতে সাধ হয়
---------------------------
ফরফরে পাখনায়
নানা রং ধরে ,
ফুলবনে প্রজাপতি
সুখে খেলা করে ।
জবা-বেলি-মালতির
নিয়ে যায় খোঁজ ,
জানালায় হাত রেখে
আমি দেখি রোজ ।
মাঠে যেতে সাধ হয়
মা করে যে মানা ,
করোনা কেড়েছে মোর
মধুর বাসনা ।
0 মন্তব্যসমূহ