কবিতা| মাসুদা তোফা

কবিতা
মাসুদা তোফা


আমি  এখন হন্যে হয়ে সেই মাকে খুঁজছি 



আমি সেই মায়ের কথা বলছি যে, একমাত্র সন্তানকে যুদ্ধে পাঠিয়ে বলেছে যা বাবা দেশ স্বাধীন করে ফিরে আসিস।

আমি সেই মায়ের কথা বলছি যে, সন্তানকে বিদায় দেবার সময় বলেছে একটা মানচিত্র নিয়ে তবে ফিরিস। 

আমি সে মায়ের কথা বলছি যে মেয়েটিকে যুদ্ধে পাঠিয়ে বলেছে তুই ফিরে এলে একটি  লাল সবুজ শাড়ি  কিনে দেবো।

আমি সেই মায়ের কথা বলছি যে ছেলেকে বলেছে হায়েনাদের শেষ করে স্বাধীন পতাকা হাতে আসিস বাবা।

আমি সেই মায়ের কথা বলছি যে ছেলেকে বলেছে অসংখ্য মা বোনের সম্ভ্রমহানির প্রতিশোধ নিস বাবা।

আমি সে মায়ের কথা বলছি যে ছেলেকে বলেছে রাস্তার ধারে  যে উলঙ্গ মেয়েটি  নিথর দেহে  পড়েছিল তার প্রতিশোধ নিস।

সেই মায়ের কাছে চিরদিন আমরা কৃতজ্ঞ, 
বিনম্র শ্রদ্ধায় নত তোমার সাহসের কাছে।
এতো সাহস মা  তুমি 
কোথা থেকে এনেছিলে? 
তোমার ছেলেরা জীবন দিয়ে দেশ এনেছে, শত্রুকে শাসিয়েছে, দেশ থেকে বিদায়  করে তবেই ফিরেছে।
সেদিন তোমার ছেলেরা রাজপথে রক্তের দামে ছিনিয়ে এনেছে দেশ। 
তুমি গরবিনী , তুমি জননী সাহসিকা। 

এমন দৃঢ়চেতা মা আজ আর পাইনা 
আজ কথায় কথায় মা-বাবা ভাই খুন হয়ে যায়। 
মানুষ এখন খুনের নেশায় মত্ত
দেশ ও যেন ক্রমেই প্রতিকারহীন।
আবার তুমি আসো মা ফিরে  রণরঙ্গিণীর বেশে
সন্তানকে ভালো মানুষ গড়তে শিখাও  এসে 
দেশপ্রেম নিষ্ঠা সততা নৈতিকতা মানবতা বিশ্বাস, ভালোবাসা  ছড়াতে হবে মানুষে মানুষে। 
 তবেই পৃথিবী হবে মানবিক সুন্দর ও সুখের । 
আমি এখন হন্যে হয়ে  সেই  মাকে খুঁজছি।
পাবো কি পাবো না জানিনা তবুও অবিরাম খুঁজতে থাকবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ