কী লিখি কেন লিখি
গোপেশ চক্রবর্তী
কী লিখি জানি না, কিন্তু লিখি।কারণ লেখালেখি আমার জীবনের আর্তির প্রকাশমাত্র।কবিতা হোক বা অন্যকিছু।স্বরচিত প্রত্যেকটি শব্দ-পংক্তি আমার কাছে জীবনের মতো দামী।রক্তের মতো সত্য।আমার লেখা কেউ ভালো বল্লে মনে হয় জীবনের আর্তির ঠিকঠাক প্রকাশ হলো।কোনোদিন কাউকে বলিনি আমার কবিতাটা কেমন! লিখে নিজেই শান্তি পাই।এটুকুনই আমার পাওয়া।কেননা কবিতা আমার কাছে ঘোর অন্ধকারে শূন্যে ভাসা কুপিবাতির মতো।
একদিন দেখলাম গভীর বনে হারিয়ে গেছি। ঘর-বাড়ি নেই, মানুষ নেই,হাঁটছি জংগলের ভেতর দিয়ে।হঠাৎ দেখি একটি নারী কুপিবাতি হাতে আমার দিকে আসছে!ঠিক আমার সামনে এসে দাঁড়ায়।একটি মেয়েলি গন্ধ নাকে আসে!কুপিবাতি নিভিয়ে দেয়।আর কিছু দেখতে পাইনি!হাত বাড়িয়েও কিছু ঠাহর হচ্ছে না!আমি ছুটতে থাকি সারা বনে।গভীর সেই বনে একটি নদী দেখতে পাই, একটি নদীঘাট। দৌড়ে কাছে যাই, দেখলাম সাদা কাপড় পড়ে কে যেন ঘাটে বসে আছে। হাতে কুপিবাতি।আরও কাছে যেতেই সে নদীর মাঝে জলের উপর দিয়ে হেঁটে কোথায় যেন হারিয়ে গেল!তখন থেকেই আমার তীব্রভাবে মনে হল কবিতা এমন-ই। সেই নারী, কুপিবাতি, নদীর রহস্য আজও খুঁজি।কোনো কুলকিনারা পাই না! কবিতার মতো।তাই লিখতে হয়।লিখতে হবেই।আমাকে খুঁজে পেতে হবে সেই অপূর্ণতার রূপ-রস-গন্ধ।আমাকে লিখে যেতে হবে না-পাওয়ার বেদনা গুলো।
1 মন্তব্যসমূহ
দারুণ গোপেশ
উত্তরমুছুন