অন্নের রক্ষক // দিলীপ দাস

অন্নের রক্ষক

( সংবাদ : ১৯৯৮ সালে অন্ধ্র,  মহারাষ্ট্র  ও অন্যান্য রাজ্যে চার শতাধিক কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করেছেন)
যে পিতার অন্নে আজীবন আমি  প্রতিপালিত 
কাল তিনি নিহত হয়েছেন।
তার ঘামের লিপিতে লেখা হয়েছিল হরপ্পা কাহিনী,  
গীতার শ্লোক ও বেদের মন্ত্র
মহাকাব্যের অবিনাশী জয়গাথা 
চর্যাপদের তিনিই নির্মাতা
কাল তিনি নিহত হয়েছেন। 

পাঁচ হাজার বছর ধরে যারা আমাদের অন্নের রক্ষক
যাদের রক্তের ফোঁটায় ভরে ওঠে শস্যের গোলা
নিখিল মানবশিশু যার স্নেহের কাঙাল
তাকে কাল খুন করা হয়েছে -----

সসাগরা পৃথিবীর মুখে যিনি ভাত তুলে দেন
সেই অন্নের রক্ষক
হাজার আলোয় উদ্ভাসিত এদেশের এক করুণ অন্ধকারে
কাল,  একগাছা দড়িতে নিজেকেই খুন করেছেন

লাঙলের ফলায় উদ্ভাসিত উজ্জ্বল রোদ্দুর
তার মুখ থেকে যারা কেড়ে নিয়েছে
আমার অন্নদাতা পিতার হন্তারক
শেষ নিঃশ্বাস পর্যন্ত
তোকে আমি ঘৃণা করে যাবো ------

প্রকাশ -১৯৯৯ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ