রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি // পম্পা ভট্টাচার্য

 অসীমের বার্তাবহ হে স্থিতপ্রজ্ঞ কবি
বিশ্ব জীবনের নিত্য বহমান স্রোতধারায়
জন্মমৃত্যু, সুখ দুঃখ,হারানো প্রাপ্তির সকল দ্বন্দ্ব
জয় করে,তুমি সত্য ও অক্ষয়, তুমি ঋষি কবি।
হে কবিগুরু  -
বিশ্বের সৃষ্টি ধারায় ক্ষুদ্র  তুচ্ছ সামান্য
সাধারণের মাঝে  - পেয়েছ খুঁজে
তোমার অগাধ বিস্ময়।
জীবনের অলিতে গলিতে ঘুরে ফিরে
আপন অন্তরতম সত্তার গভীরে
অফুরন্ত কবিত্বের উৎসার নির্বাধ
অমৃতরূপ কবি রবীন্দ্রনাথ।
তুমি জীবন রহস্যের নিগূঢ় ঝংকার।
ধ্যানদৃষ্টির তন্ময়তায় গম্ভীর।
মর্ত্য পৃথিবীর অমেয় ভালোবাসা তুমি।
শুভ্র  আলোক তীর্থের অরূপ সন্ধানী কবি
তুমি সুবিশাল, তুমি সুগভীর।
জীবনের অর্থহীন কোলাহল ব্যর্থতার মাঝে
মুক্তির স্বাদ এনে দেয় অমৃতময় কাব্য সঙ্গীত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ