দাহ // কমল সরকার

কাঁধের থেকে নামিয়ে ফেললাম
লোকটার লাশ,
চিৎ করে শুইয়ে দিলাম চিতায়।
তারপর আগুন জ্বালিয়ে বললাম
ওঁম শান্তি!
হাঁফ ছাড়লাম। অবশেষে মুক্তি!
লোকটা না হতে পারছিল কারুর ভালো স্বামী,
না একজন দায়িত্ববান পিতা,
না কোনো ক্ষমতাশালী চাকুরে।
সে কেবল কবি হতে চেয়েছিল,
সীমাহীন সৈকতের মতো দুহাত-বিস্তৃত বন্ধু;
হতে চেয়েছিল খ্যাপাটে ষাঁড়ের মতো প্রেমিকও।
চেষ্টার ত্রুটি ছিল না।
তবু বলবার মতো কিচ্ছুটি না হতে পেরে
শেষ হয়ে গেল।
বিশ্বাস করুন,
নিজেকে দাহ করতে আমার
একটুও কষ্ট লাগেনি।
শুধু না-জন্মানো সন্তানের মতো লালিত
অসমাপ্ত কবিতার খাতাগুলো
আগুনে ছুঁড়ে ফেলতে গিয়ে
কী যে মায়া হল...!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ