তোমায় জানতে চাই // নিকিতা দত্ত

তোমায় জানতে চাই...
তোমায় আরো বেশি জানতে চাওয়ার তৃষ্ণায় আমি তৃষ্ণার্ত।
তুমি তো বলো, "আই অ্যাম এন ওপেন বুক"
তাহলে বোধ হয় আমিই অশিক্ষিত!!

আমি জানতে চাই...
কোন স্বপ্নের জন্য তোমার চোখে ঘুম আসে না,
তুমি কি আজও তার অপেক্ষায়,তোমাকে যার একটিবারও  মনে পড়ে না??

আমি জানতে চাই,
 কোন গানের সুরে তুমি নিজেকে হারাও,
আমার মতো তুমিও কি, আপনজনদের হারানোর ভয় পাও??

আমি জানতে চাই,
কে সেই  মানুষ, যাকে নিয়ে তুমি প্রথম স্বপ্ন বুনেছিলে?
জানতে চাই, সেই মুহূর্ত যখন তুমি দম ফেটে হেসেছিলে??

আমি জানতে চাই,
তুমিও কি আমার মতোই সহজে আবেগে জড়িয়ে পড়ো?
নাকি বাস্তবতার কড়া ধমকে ইচ্ছেগুলোকে শান্ত করো??

আমি  জানতে চাই,
এই যে তুমি আমায় আপন বলো, সত্যি কি তাই মানো?
জানতে চাই,  মায়াভরা চোখের অন্তরালে তুমি নিজেকে কতোটা জানো ?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ