করোনা সন্ধ্যার বৃষ্টি // নূরুদ্দিন জাহাঙ্গীর

যখন বৃষ্টি নেমেছে মুমূর্ষ নগরীর বুকে তখন আমি তোমাকে ভাবছি
হয়তো শেষবারের মতো
তুমি এখন দূরে নও, হাসপাতালের কড়িডোরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছ
তুমি খুব করে বৃষ্টি চেয়েছিলে আর তখনি বৃষ্টি নামল করুণা হয়ে করোনাকালে
অজোর বৃষ্টিধারায় স্নাত হচ্ছে এ নগরী এমন ধারাজল কতদিন তুমি চেয়েছো!
বৃষ্টিতে ভিজতে তোমার ইচ্ছে করত খুব
অথচ জুম বৃষ্টিতে আমাদের ভেজা হয় নি কোনোদিন
অথচ জনমানবহীন কালো রাস্তায় আজ বৃষ্টি ঝরছে কান্নার মতো
বাতাসের হুতাসন তোমাকে কান্নার কথা মনে করিয়ে দিচ্ছে
অথচ তুমি কাঁদতেও পারছ না, কেবল তুমি বৃষ্টি দেখছো একা দাঁড়িয়ে
তোমার খুব করে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে অথচ আমাকে ঘিরে রেখেছে স্তব্ধতা
অথচ তুমি জানো না আমি চাইছি তুমি অবিরাম বৃষ্টিতে ভিজতে থাকো
আমি দেখে যেতে চাই তুমি একদিন বৃষ্টিতে ভিজেছিলে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ