জয়াকে স্মরণ করে তার একটি কবিতা।

আজ কথাসাহিত্যিক  জয়া গোয়ালা-র  সপ্তম মৃত্যু দিবস।
ঝুমুর  সাহিত্য সংস্কৃতি সংসদের  পক্ষ  থেকে
গভীর  শ্রদ্ধা।

জয়াকে স্মরণ  করে তার  একটি  কবিতা।

হক কথা বললেই
------------------------

হক কথা বললেই
বাবুদের গাল ফুলে যায়
ভালা, ফোলা গাল ফুলতে তো
ফুটিকৌড়িও খর্চা হয় নাই
ফুলতেই পারে!

বাবুরা বুঝজ্ঞানী বঠে
হামদের বন্ধু বঠে
সমঝায় বুঝায়, ইটাও ঠিক আছে
তবু,
হামদের  আপনকার  বুঝটা শুধু
হামরাই বুঝে পাই
চামড়ায় চাবুকের ঘাওটাকে শুধু 
হামরাই খুঁজে পাই,
এই কথা বললেই
বাবুদের শরীল জ্বলে যায়
ভালা, ননী-শরীল জ্বলতে তো
লোনা পসিনাও খর্চা হয় নাই 
জ্বলতেই পারে।
বাবুরা চলতে শিখাছে, ঠিক।
থড়া থড়া বলতে শিখাছে, ঠিক ।
ভালা-বুরা বুঝাতে শিখাছে, ইটাও ঠিক।
তবু,
ভিতর-বুকটা যে হামদের
লালখুনে লত্পত্
শুধু হামরাই বুঝতে পারি
এই  কথা বললেই
বাবুদের মেজাজ  চড়ে যায়
ভালা, পাশ-বালিশে ঠেসান
রাজা-মেজাজ
চড়তে তো, এক বুন্দ্ খুনও খর্চা হয় 
নাই, চড়তেই পারে।
হক কথা বললেই
বাবুদের গাল ফুলে যায়।
ভালা, ফোলা গাল ফুলতে তো
ফুটিকৌড়িও খর্চা হয় নাই,
ফুলতেই পারে!
_________________________

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ