অনুবাদ কবিতা
পাকিস্তানি কবি হাবিব জালিব-এর কবিতা
সংবিধান
অনুবাদ : মলয় রায়চৌধুরী
যে রশ্মি কেবল প্রাসাদগুলোকে আলোকিত করে
ছায়ায় পুড়িয়ে দেয় জনগণের আনন্দ
অন্যের দুর্বলতা শুষে নিজের শক্তি সঞ্চয় করে
সেরকম সংবিধান, আলোহীন সকালের মতন
আমি মানি না, আমি জানি না
আমি ফাঁসিকে ভয় পাই না,
বলে দাও পৃথিবীকে যে আমি একজন শহীদ
জেল দেখিয়ে জীবন্তকে কেন ভয় পাওয়াচ্ছো ?
এই পরিব্যপ্ত সর্বনাশ, এই মূর্খতার রাত,
আমি মানি না, আমি জানি না
তোমরা বলো শাখায় শাখায় ফুল ফুটেছে
তোমরা বলো মদের পেয়ালা উপচে পড়ছে
তোমরা বলো আপনা থেকে সেরে যাচ্ছে হৃদয়ের ক্ষত
এই ডাহা মিথ্যা, চোখের সামনে ডাকাতি
আমি মানি না, আমি জানি না
হাজার বছর ধরে আমাদের মানসিক শান্তি চুরি করেছ তোমরা
আমাদের ওপর তোমাদের খবরদারি আর চলবে না
যন্ত্রণাকাতরদের সেবক সাজো কেন
তোমরা নাকি সেবক কেউ স্বীকার করলেও
আমি মানি না, আমি জানি না
পাকিস্তানি কবি ফাহমিদা রিয়াজ-এর কবিতা
ও একজন কলুষিত নারী
অনুবাদ : মলয় রায়চৌধুরী
ও একজন কলুষিত নারী
উৎসারিত রক্তে কারারুদ্ধ
একের পর এক মাস ও বছরের চক্রে।
ওর তপ্ত লালসার গ্রাসের কবলে
নিজের আকাঙ্খার খোঁজে,
শয়তানের এই রক্ষিতা
শয়তানের পদচিহ্ন অনুসরণ করে
পৌঁছোয় এক অস্পষ্ট গন্তব্যে
যার নকশা, এলাকা আগে থেকে জানা নেই,
সেই আলো আর আগুনের মিলন
খুঁজে পাওয়া অসম্ভব ।
তার উষ্ণতার দপদপে আসক্তিতে
বুক দুটো উত্তাল করে দিয়েছে
রাস্তার দুধারের প্রতিটি কাঁটা
তার শরীরের প্রতিটি ঝিল্লিকে ছিঁড়ে ফেলেছে।
লজ্জার কোনও পরদা তার দেহকে লুকোতে পারে না
বহন করে না পবিত্রতার কোনও দিশা ।
কিন্তু, হে পৃথিবী ও সমুদ্রের শাসক,
সবার আগে কে এসব দেখেছে ?
সর্বত্র তোমার হুকুম অবশ্যমান্য
কেবল এই কলুষিত নারী ছাড়া
কোনও প্রার্থনা তার ঠোঁট অতিক্রম করে না
কোনও মানবিকতা ছোঁয় না তার ভ্রুযুগল ।
পাকিস্তানি কবি কিশওয়র নাহিদ-এর কবিতা
ঘাস সত্যিই আমার মতন
অনুবাদ : মলয় রায়চৌধুরী
ঘাসও আমার মতন
আত্মপ্রাপ্তির জন্য তাকে পায়ের তলায় পতাকা তুলতে হয়
কিন্তু তার আদ্রতা ঠিক কী প্রকাশ করে :
লজ্জার এক জ্বলন্ত বোধ
নাকি আবেগের তাপ ?
ঘাস আমারই মতন
যেই সে মাথা তুলে দাঁড়ায়
অমনি ঘাস-কাটার যন্ত্র
তাকে দলাই-মলাই করে মখমলে পালটে দেবার গোঁ ধরে,
আবার তাকে ছাঁটাই করে ফেলে ।
তোমরা কতো চেষ্টা করো
একজন নারীকেও দমিয়ে দিতে !
কিন্তু পৃথিবীর বা নারীর
জীবনকে প্রকাশ করার ইচ্ছা মারা যায় না ।
আমার কথা শোনো : ফুটপাত বেছানোর ভাবনা ভালোই ।
যারা নিজেদের সাহসের দুরন্ত পরাজয় সহ্য করতে পারে না
তারা পৃথিবীর মাটিতে পোঁতা ।
ওই ভাবেই তারা বলদর্পীদের পথ গড়ে দেয়
কিন্তু তারা ঘাস নয় তারা নেহাতই খড়
--ঘাস আসলে আমারই মতন ।
0 মন্তব্যসমূহ