কী লিখি কেন লিখি পীযূষ রাউত

কী লিখি কেন লিখি 

পীযূষ রাউত 

কী লিখি কেন লিখি 

পীযূষ রাউত 

যখন স্কুলে পড়তাম, তখন নিজের নামকে বিখ্যাত করার জন্য লেখালেখি করতাম। এই করতে করতে একসময় মনে হলো এর প্রধান কারণ আমার ভালোলাগা বোধ। এই বোধ থেকেই শুরু হলো কাহিনি সর্বস্ব গল্প লেখা। এবং পরবর্তী সময়ে, প্রেমে পড়ার বয়সে চুটিয়ে কবিতা লেখা। মধ্য যৌবনে গতি বদল। তখন ব্যক্তিগত জীবনের কোনো কোনো সমস্যার কথা লিখে মনকে ভারমুক্ত করার জন্য লেখালেখি করতাম বলে মনে হয়।
সেই সময় কেন জানিনা আমি ভীষণরকমে নস্টালজিক হয়ে পড়েছিলাম। নিজের অত্যুজ্জ্বল ছেলেবেলার অসংখ্য  ছোটো ছোটো স্মৃতিকে ধরে রাখতে কবিতাকেই বাহন করতে শুরু করলাম। বিশেষ করে জন্মভূমি পূর্ববঙ্গ এবং বয়ঃসন্ধি পর্বের শহর শিলচর এবং চাতলা উপত্যকা -সন্নিহিত চা বাগানের না ভুলতে পারা বন্ধুবান্ধবের স্মৃতি নিয়ে লেখা অগণন কবিতা র একটা বড় অংশ 'দেশ' পত্রিকায় প্রকাশিত হয়েছিল।পরবর্তী সময়ে আমার ভাবনার জগতে একটা বড় পরিবর্তন ঘটলো। রাজনৈতিক ভণ্ডামি এবং সামাজিক অবক্ষয়ের ছবি অসহ্য বোধ হওয়ায় আমার এই সময়ের কবিতায় কম হলেও তার প্রতিফলন পড়ে। তবে এই দীর্ঘ কবিতা - চর্চায় যে কোনো বিষয়- ভিত্তিক কবিতা লিখতে ভালো লাগতো। কেন লিখি?  এই প্রশ্নের এক ও একমাত্র উত্তর  ভালো লাগা। এখন দীর্ঘ জীবনের উপান্তে পৌঁছে লেখালেখির একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য খুঁজে পেয়েছি। রাজ্য কিম্বা কেন্দ্রস্তরে এই কয়েক বছরে যেসকল অন্যায় -অবিচার  প্রতিনিয়ত আমার অন্তরকে প্রপীড়িত করছে, তা কবিতার অবয়বে তুলে ধরাকে নৈতিক কর্তব্য বলে বিশ্বাস করতে পারছি। কী লিখি?  এই প্রশ্নের একমাত্র উত্তর ---কবিতা,  শুধুই কবিতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ