কী লিখি কেন লিখি হরেকৃষ্ণ দে

কী লিখি কেন লিখি
হরেকৃষ্ণ দে 

কী লিখি কেন লিখি
হরেকৃষ্ণ দে 

কী যে লিখি আর কেনই বা লিখি এই কথার উত্তরে মনের ভেতর গুনগুনানি নেই কোন কিছুরই৷কিছু লিখব এমন ভাবনার কোন বৈভবও নেই৷তবুও লিখি৷লিখতে চাওয়ার একটা স্টেজও কোনদিন পাবার লিপ্সা নেই৷মনের আনকোরা ভাবনার পাতায় শুধু গুটিকয়েক শব্দকে সম্বল করে আংবাং লিখে ফেলি৷কবিতার মতো লেখার কোন তাপ উদগীরণ হয় কি না তাও জানি না৷তবুও লিখে চলি৷মনের রুক্ষ বালুতটে নিজে দাঁড় করিয়ে একটু জলাশয়ের দিকে তাকাই৷জীবন শিল্পের ছোঁয়ায় নিজেকে বাঁচিয়ে চলা ছাড়া আর কোন ভাবনা নেই৷লিখবো বলে ভাবলেও লিখতে গিয়ে কলমের আর্তনাদ ও কেউ শুনতে পায় না৷শুধু মনের গুনগুন অক্ষরের ভিড় আমাকে ঠেলে দেয় এক অজানা দায়বদ্ধতায়৷মনের বেদনার চিতায় জ্বলে তুষের আগুন৷কিছু লিখবার বাসনায় বেঁচে থাকি অনিমেষ৷সত্যিই কি কিছু লিখতে পারবো একটা দৃঢ় প্রশ্ন চিহ্ন বার বার হতাশ করে দেয় আপন নিরালার চার দেওয়ালে৷সেই দেওয়ালে আটকে ভাবনার আকাশ থেকে কলমের নির্যাস পান করার এক নিরলস প্রয়াসকে সঙ্গী করে একটা ভালো লেখার অপেক্ষায় জেগে থাকি৷যদিও জানি এ লেখা আমার কলমে কম্ম নয়৷তা সত্ত্বেও এ কেমন আমার লিখবার অভিপ্রায়৷বস্তুত কবিতাকে জীবনের রসদ ভেবে বাঁচি আর বেঁচে থাকবার নিরন্তর জন্ম গ্রহণ করি৷

          হৃদয়ে টোকা মেরে উঠতে না পারলে তো লেখার কোন জাত হয় না৷হয়তো সেই জাতের মধ্যে নিজেকে নিজের স্বপ্নও দেখি না৷এত কিছু ভেবে কি লেখা যায়?বার বার সেটাই মনে হয়৷তাই আর না ভেবেই লিখে ফেলি মনের আনাচে কানাচে দোলা দেওয়া সমাজের কিছু কথা৷কিছু ব্যাক্তিগত,কিছু আন্তরিক ভালোলাগার ছবি৷কিছু মানবিক যাপনের বলিরেখা৷দুঃখ যন্ত্রণার দুর্বিষহ রং মেখে নিই অক্ষরের পোশাকে৷সেই পোশাকের রং কারো চোখে লাগবে কি না তাও জানা হয় না৷শুধু একটা ভালোলাগা পাগলের মত অক্ষরের প্রেম মনের গর্ভে ধারণ করে প্রসব করতে থাকা৷তা সুসন্তান বা কুসন্তান যে যাই বলুক-- কোন কর্ণপাত না করে নিজের সত্ত্বা,নিজের আত্মজা ভেবেই যত্নে রাখি৷

                এইসব ছাইপাস কেন লিখি তার সদুত্তর কেবলই মনই জানে৷মনের গবেষণাগারে ঢুকে তার কারণ জানতে চেয়ে জেনেছি--- একটা তৃপ্তি,একটা পবিত্র মন্দিরের পূজারী,একটা পাগলের পাগলামী,জীবন্ত জীবনের প্রেমের ঘাটতি পূরণ৷একটা সম্পূর্ণ পাগলের ভেতর যেমন খাঁটি ভালোবাসা থাকে,তেমনই পাগল হতেই ভালোবাসি বলেই কি এই লেখার আয়োজনে সামিল হই৷

                আজ দীর্ঘ পাঁচ বছর যাবৎ লিখতে বসে কিছুই লেখা হল না৷অথচ সময় গেছে পেরিয়ে নানান ভাবনার আঙ্গিকে৷লিখতে এসে শুধু একটা চর্চার বৃত্তে থেকে পেয়েছি অজস্র মানবিক হৃদয়পূর্ণ জানালার দিগন্ত বিস্তৃত উদাস মনের আন্তরিক ভালোবাসা যা জীবনের এক পরম প্রাপ্তি....

                    ------------

হরেকৃষ্ণ দে 
গ্রাম পোঃপিড়রাবনী 
জেলাঃ বাঁকুড়া 
পিনঃ ৭২২২০৩
মোঃ ৯৫৬৪৮৮৩৩২০.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ