জন্মদিন // গোপেশ সূত্রধর



জন্মদিন

ও বাবা   বল না আমায়   
কবে আমার জন্মদিন ,
ভেবে পাই না কেন এমন  
আমার বেলায় আসেনা দিন।
টিংকু ,বাবলু , ঝুমুর ,সোনা  
তাদের সেতো হাতে গোনা,
আমার টা তো ভারি পাজি  
আসার যেন নাম করেনা!
গেল বছর বলেছিল মা, 
কিনে দেবে নতুন  জামা।
চাই না আমার জুতো জামা
খেলনা গাড়ি ভাল্লাগেনা,
তাদের মত জন্মদিন কে আমায় 
তোমরা এনে দাও না।
বাবার চোখে জমাট বাঁধে 
মোচর দিয়ে প্রাণ টি কাঁদে ,
রান্না ঘরে আটার পায়েশ  
মুখরোচক করবে সাধে ।
মায়ের আদর বাবার স্নেহ  
আমার মতো কে পায় এত্ত
বড় হয়ে করব আমি  
বাবার জন্মদিন 
আদর করে মাকে নিয়ে ,
নাচব সুখে ধিন্  ধিনা ধিন্ 
সবার সাথে মজা করে              
আলোয় আলোয় কাটবে দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ