কোন দিকে যাই // গোপাল বিশ্বাস


কোন দিকে যাই 
গোপাল বিশ্বাস 

এই মেয়ে তুই ওদিকে যাসনে 
ওদিকে ধর্ষক, জিভ কেটে খুন 
মেরু দণ্ড ভেঙে দেয় 
জ্বলন্ত অনল হাথরস 
আগুনে পুড়ে দেহ ছাঁই  l
--তাহলে কোন দিকে যাই  ? 

এই মেয়ে তুই ওদিকে যাসনে 
ওদিকে বিষ সাপ 
পথে পথে বাঘ 
সন্ধ্যা 
বিচার --প্রহসন  !
এই মেয়ে তুই ওদিকে যাসনে 
ওদিকে ঝড় -নারীরা পণ্য 
ছলনা, প্রলয় ঢেউ 
অতল ডুব সমুদ্র  l
--তাহলে কোন দিকে যাই ? 

এই মেয়ে তুই ওদিকে যাসনে 
ওদিকে ভাঙা সেতু 
সেতুর নিচে লজ্জাহীন কামুক পুরুষ 
কোন বাড়ি ঘর নেই 
ভালোবাসা নেই 
শুধুই মৃত্যু ফাঁদ  l

এই মেয়ে তুই ওদিকে যাসনে 
ওদিকে মৌলবাদী ফতোয়া জারী 
দলিত মেয়ের লাশ 
ভাঙা পুতুল , 
ওরা শরীর জ্বালিয়ে দেয় 
সীতার আত্ম হত্যার অগ্নিকুন্ডে  l
--তাহলে কোন দিকে যাই ? 
এসো এখন , চেতনার মঙ্গল দীপ জ্বালাই 
কালোকে কালো বলি 
লালকে লাল  ;
চল মেয়ে, 
এবার যুদ্ধে যাবি চল 
যুদ্ধে যাবি চল  l


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ