আর্জি // লিসা বিশ্বাস

আর্জি              
       লিসা বিশ্বাস             

কাশ ফুলে লেগেছে দোলা,
ঢাকেও কাঠি পড়ল বলে,
ভিন্ন এক গন্ধ বাতাসে,
মা তুই আসছিস বলে?
মা রে তুই ধরায় আসবি?
তোর কি সত্যি নাইকো ভয়?
পেতিস যদি রক্তমাংসের দেহ,
হেথা আসতে পেতিস ভয়;
কোন কালে কোন অসুর মেরেছিলি,
ভাবছিস তাই পেতিস ছাড়?
ছিঁড়ে খুঁড়ে খেয়ে জ্যান্ত পোড়াতো,
নারী হেথা পায় না ছাড়;
এযুগে অসুর মারতো দেখি!
জাগা দেখি তোর দুগ্গা রূপ;
না হলে তুই আসিস নে মা,
নারী জাতির ভীষণ দুখ;
তুই তো প্রতিমা কেবলই মাটির,
প্রাণ আছে! সব ভুল কথা;
প্রাণ থাকলে পূজো পেতেও,
হতো সইতে নানা কথা;
কোনোবার যদি রজঃস্বলা হতি,
মন্ডপে আর হতো না ঠাঁই;
নেহাতই তোর প্রাণটা নেই মা,
তাই তোকে নিয়ে এত লাফাই;
একবার তুই জ্যান্ত হ মা,
দশ হাত নিয়ে নাম দেখি;
অস্ত্রগুলো ধার করে নিয়ে,
সমাজে নারীর সম্মান আন দেখি!
সেদিন তোর আসা ঠিক হবে,
তার আগে একটু লজ্জা পা!
আনন্দেতে মাতাতে আসিস?
সম্মানটা আগে কেড়ে নে যা;
আস্ত্র গুলো তো অকেজো করেছিস,
মরচে ধরেছে মনে হয়,
নাহলে কি ধরা বক্ষকে;
এত অরাজকতা সইতে হয়!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. বাস্তবটা সত্যিই কঠিন। মানুষ নাকি জগতের শ্রেষ্ঠ জীব!! খুব ভালো লাগলো আয়নাটা।

    উত্তরমুছুন