কালবেলা // ঝর্ণা মনি


ঝর্ণা মনি


সুরমা পাড়ের এক দস্যি মেয়ে। গোল্লা ছুটের মতো পেরুতে চায় সমাজের সব অন্যায় শৃঙ্খল। লড়াইয়ে, প্রতিবাদে সামনে থাকার মন্ত্র দিয়েছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সবুজ ঘাস। ভালোবাসে সবুজ পাহাড়, নীল আকাশ, সাগরের ফেনিল ঢেউ, জোসনা রাত। আড্ডাবাজি জীবনের অন্যতম এক অংশ। হৃদয়ের সবটুকু উষ্ণতা মা, মাটি, মানুষ, মাতৃভূমির প্রতি। যুদ্ধের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে কলম। দেড় যুগের সাংবাদিকতায় প্রধান বিচরণ রাজনীতি, মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ, নারী-শিশু, কৃষি, পার্বত্য চট্টগ্রাম ইস্যু, নৃতান্ত্রিক জনগোষ্ঠী ও মানবাধিকার। পুরস্কারের ঝুলিতে রয়েছে- পিআইবি-সোহেল সামাদ এ্যাওয়ার্ড, প্রথম আলো-ওয়ার্ল্ড ভিশন পুরস্কার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট এ্যাওয়ার্ড, সমষ্টি-চ্যানেল আই ফেলোশীপ, নিউজ নেটওয়ার্ক ফেলোশীপ, বাংলা ভাষা সংহতি সম্মাননা (কলকাতা), ঢাকা রিপোর্টার্স ইউনিটি সদস্য লেখক এ্যাওয়ার্ড। ত্রিপুরা থেকে শিশুসাহিত্যের কাগজ দোলনা সম্মানা:২০১৯ বিশেষ প্রাপ্তি। 
সাংবাদিকতার ফাঁকে মাঝে মাঝে কবিতা, ছড়া, প্রবন্ধের সঙ্গে লেখালেখি খেলা। প্রকাশিত বইÑ মৃত্যুঞ্জয়ী মহানায়ক (বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে প্রবন্ধ), জ্বলে ওঠো বারুদকন্যা (নারী বিষয়ক প্রবন্ধ), রাজাকারের মরণকামড় (মুক্তিযুদ্ধবিষয়ক প্রবন্ধ), জলঘুঙুর (কাব্য), মুই তোরে কুচপাং (ছড়া), পাতাবাহারে লুকানো মুখ (কাব্য)। সাংবাদিকতায় নারীবিষয়ক সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের। 
বাবা রবীন্দ্রকুমার দেবনাথ। মা পুষ্প সরকার। জীবনের মূলমন্ত্র, ‘বাঁচতে হলে লড়তে হবে।’

কালবেলা
#

ও চাঁদ তুমি আসবে নাকি এই শহরে
আঁধার ভেঙে আলোর রেখা ছড়িয়ে দিতে কুঁড়ে ঘরে?

খেলবি নাকি লুকোচুরি নীল আকাশে স্বপ্ন ঘুড়ি
তারার রাজ্যে শুয়ে শুয়ে ঘুম পাড়াবে চাঁদের বুড়ি?

আসবি নাকি এই শহরে বলবে কথা পাতাবাহার
দিস ছিটিয়ে একটু আলো স্পর্শ পেতে সখ যে তাহার।

ঝুল বারান্দা ছেয়ে আছে নীল অর্কিডে, সাদা বেলি
গুনছে প্রহর সকাল বিকাল তোর প্রত্যাশায় পাখনা মেলি।

জানিস নাকি ফুল ফুটেছে লাল গোলাপে, অপরাজিতা
মেলেছে কলি, তোরেই বলি আয় না সখা, আয় না মিতা।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ