বন্ধু // সঙ্গমিত্রা নিয়োগী

সাদা ক্যানভাসে বন্ধু বিদ্যমান
শৈশব-বার্দ্ধক্য দিগন্তবিস্তৃত এই শব্দের বাহার প্রবহমান, 
দিন যদি হারিয়ে যায় দিগন্তের কাছে
সূর্যমুখী যদি হারিয়ে যায় বেলাশেষে
রাত যদি হারিয়ে যায় আঁধারের মাঝে
একটি আধার সৃষ্টি হয় সেই আঁধারের গা ঘেঁষে;
সে-ই হয়ে উঠে দখিনা দুয়ারের নিঃস্বার্থ হাওয়া।
যখন আঁখিতে নোনাজল ক্লান্ত
শ্রান্ত হৃদয়ের গ্লানি ঘুচাতে একটি শব্দই উঠে আসে "বন্ধু"। 
হারিয়ে ফেলা রঙীন স্বপ্নে গোধুলির আবির 
মেখে গোপন ইচ্ছের সাথী হয়ে ধানী জমিতে আসে।
নীল গগন পূর্ণ শশীর খেলায়, কখনোবা রাজপথের নিরুদ্দেশে হেঁটে চলা
কখনোবা অরন্যের ফাঁড়ি পথে ধাবিত হওয়া
ঋতু চক্রের ন্যায় প্রতিনিয়ত অমন ওই অদৃশ্য বন্ধন। 
কাল বৈশাখী ঝড়েও নীরবতার আয়না জুড়ে মুখরতা
সুখ দুঃখের আলোয় হয়ে যায় 
পৃথিবীর লাইব্রেরীর সমান ;
প্রাচীরহীন বন্ধনে সর্বত্রই শব্দটি চলমান।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ