হিমাদ্রি দেবের কবিতা

হিমাদ্রি দেবের কবিতা 


তথ্য
হিমাদ্রি দেব

ঈশ্বর নেই, তবু যদি ঈশ্বর মানো, তবে মার্কিনীদের মানতে
এতে কোনো পাপ ছিল না যদি ঈশ্বর নেই জানতে

ঈশ্বর মানে নিরাকার কিছু
নীরবে প্রণাম করো
তারপর দ্যাখো তুমি ছাড়া নমাজ রোজা নেই কারো ।
এতো সময় নেই পাখিদের, পাপড়ি ও বৃক্ষশাখার
নিজের খেয়ে ঈশ্বর বলে— বনের মোষ চরাবার ।

ওরা ভাবে আকাশকে আত্মা ভাবলে অবশ্যই তুমি স্বাধীন
এখন তুমি হে
নানা ভুলেভালে হয়ে আছ পরাধীন ।
*****************

লঘুস্বরে-এক
হিমাদ্রি দেব

ঈশ্বর মানি না আমি, তাকে এনে বিব্রত করো না
বরং তোমার সাথে
পদাবলী, প্রতিপদে গিরিশের পানপাত্রে আঁখি
বরং তোমাকে বলি আমার প্রশ্বাস হও, উঠতে দাও
মানুষের ভাষায় তুমি বলো, পাপ নেই, পুণ্য নেই
জগৎ সংসার, এই তোমার বোধের মত আলো ।

**********************

নেপথ্যে-২
হিমাদ্রি দেব

আমার সরকার, কিছু না-দিলেও আমার সরকার
বাহারী মেঘের মধ্যে, উড্ডীয়মান আমার পতাকা ।
সরকার থাকলেও কিছু আসে যায় ?  আসে যায় না ।
মিটবে না ক্ষুধা ।
কারো কারো বাড়ি-গাড়ি, ভারিক্কি পায়ের চাপে
দলে যাবে, আগাছা হৃদয় !
তবু কিন্তু জেতাবোই, মরে মরে জেতাবোই
মায়াবী, কৈবল্যবাদী নেতাদের
তা না হলে—
ওরা এলে, আমার পিঠের চামড়ায়
বাজাবে যে ঢোল ।
তাই তোল্‌, হাওয়া তোল !

******************

ভজনগীতি-দুই
হিমাদ্রি দেব

শুরু ।।  আমায় কেউ বাতিল করবে, এমন সাধ্য কার
 সুধাকান্ত, অমরত্ব, তোমার এবং আমার ।
তারপর ।।  বাবার দেওয়া, নামটি না’হয় আগুন দিয়ে জ্বালাও
 হঠাৎ ফাগুন তেড়ে আসবে, এবার তুমি পালাও ।

তারপর ।।  সাবান-সোডা বিক্রি কর অস্নাত জীবনে
 ধোপা, আমায় স্নিগ্ধ করো বিনীত-চুম্বনে !

************************

একবার আকাশ দেখাবো
হিমাদ্রি দেব

মানুষ শ্লোগান দিচ্ছিল,
আমরা রক্তের বদলে তেল চাই না
তেলের বদলে রক্তও না
প্রেসিডেণ্ট বললেন আর ফেরার পথ নাই
যারা বোমা ও মারণযজ্ঞের পুরোহিত ও পাদ্রী
তারা বলল, প্রত্যেকের ধর্মের ও কর্মের প্রয়োজনে
আকাশে উড়ছে রক্তপিপাসু বাজপাখি
আর তাকে ফেরাবার পথ নেই
পথ ছিল সব বন্ধ, চোখ ছিল সব অন্ধ, মুখ ছিল বোবা
নিউইয়র্কের নিভৃত প্রাসাদে পায়রার পালকে চোখ রাখতেই
কুয়েলার দেখলেন আস্তে আস্তে তপ্ত বাতাসে ছাই হয়ে
উড়ছে, দেখলেন মহাসভার সবাই এক একটি পাথর
উঁচু পাহাড় থেকে ক্রমশ নিচের দিকে ক্রমশ নরকের দিকে
ভাব করার কিছু নেই, তিনি চিৎকার করতে পারছেন না
তিনি বলতে পারছেন না, পেণ্টাগন
আমাকে সামান্য আকাশ দাও
আমি এই আহত পায়রাটাকে একবার
আকাশ দেখাবো !


ব্যাখ্যা-১. মৌলবাদ
হিমাদ্রী দেব

অন্ধ, অন্ধকারকে অবশ্যই নিরর্থক, বধির 
বাকশক্তিহীন হিসেবেই আমরা জানি। 
তবু, নিশাচর প্রাণীদের, আয়ুষ্কাল জুড়ে ঐ রাত্তির 
'এই আয়ুষ্কালে কেহ নাহি দেখে আত্মপর, 
রাক্ষসে রাক্ষস মারে বানরে বানর।'






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ