স্রোত প্রকাশনা থেকে প্রকাশিত তমোজিৎ সাহার দ্বিতীয় কবিতার বই দেশপাহাড় || সত্যজিৎ নাথ
'দেশপাহাড়' আজই হাতে নিলাম। পুরোটা না পড়ে রাখতে পারলাম না। মনের অভিব্যক্তিও তোমার সংগে ভাগ করে নেবার একটা ইচ্ছে জন্ম নিলো বইটা পড়ে।
প্রথম কবিতাই সোজা গেথে গেলো মনের গভীরে যখন কবি বলেন, 'পোড়া দেশে পাখিরাও নীড় খুঁজে মরে'। 'অভিনয়' কবিতার শেষ লাইনে কবি বলে দিলেন মোক্ষম কথা ' দৃশ্যই শেষ সত্য বটে'। 'দহনকাল', 'রাখাল' ও 'রং' কবিতায় জীবনের প্রতি এক হাল্কা ক্ষোভ উগড়ে দিলেও আশাবাদ জিইয়ে রাখতে ভোলেননি কবি আর তাই তো হৃদয়সভা বসিয়ে দেবার আকুতি তার কন্ঠে। 'বেহুলা কি ফিরে আসে কখনো আবার?' প্রশ্নটি সময়েরই প্রশ্ন 'এন আর সি-১' এ যেটা কবি মনে উঁকি দিয়েছে। খানিকটা নৈরাশ্য ধড়া পড়ে 'চিত্রলেখা', ' জলছবি' ও 'বৃষ্টিজল' কবিতায় তবে তা থেকে উত্তরণের সুতীব্র ইচ্ছে ধড়া পড়ে 'হ্যাঁ, বেঁচে আছি' কবিতায়। বইয়ের শেষ কবিতা 'মেঘপাহাড়' আমার কাছে সেরা কবিতা মনে হয়েছে যেখানে কবিমন সময়কেও থমকে দিতে উন্মুখ।
কবিতাগুলো পড়তে গিয়ে একটা কথা বারে বারে মনে হয়েছে, আলাদা হয়েও কবিতাগুলো যেন এক সুতোয় গাঁথা। কবির বোধ, নিরাশা, অনুসন্ধিৎসা মিলেমিশে একাকার হয়ে গেছে যেন কবিতার লাইনে লাইনে। এখানেই তমোজিত নিজেকে আবারও চিনিয়ে দেয় পাঠকের কাছে। শেষ কবিতার শেষ পঙক্তিতে 'থমকে আছে সময়' বললেই পাঠক তো আর থেমে যাবে না। আমরা আশাবাদী, এটা শুরু মাত্র। চরৈবতি।
এক ফরমার বই, এক ডজন কবিতা। আবারও পরিপক্কতার ছাপ ফুটে উঠেছে 'স্রোত' প্রকাশনার এই বইতে। প্রচ্ছদ, ছাপা, অক্ষর বিন্যাস এক কথায় অনবদ্য।
শুভকামনা রইল।
✍️ সত্যজিৎ নাথ
0 মন্তব্যসমূহ