ডানা || রেজাউদ্দিন স্টালিন

ডানা 
রেজাউদ্দিন স্টালিন 

 ডানা বড় হচ্ছে
ডানা  নড়ছে
ইন্দ্রিয় অঙ্কুরোদগমের ঘ্রাণ নিচ্ছে

কেউ হারিয়ে যায় না
সবাই হাঁটছে নিজের দিকে
ইউনুস মাছের পেট থেকে বেরিয়ে
নিজের নিঃশ্বাসের উপর শুয়ে থাকে
বালুরাশি  প্রশ্ন করে - তুমি কে

আর রাজা সোলেমান মাছের পেট কেটেপায় তারই আঙুলের সিলমোহর
বাতাস প্রশ্ন করে - তুমি কে

মুসা সূর্যের ভেতরে ঢুকে নিজেকে দেখে  চমকে ওঠে
তুমি কে- প্রশ্ন করে উত্তাপ 

নূহ ঢেউয়ের চূড়ায় আরেক জন্মের 
অপেক্ষা করে
পাখিরা প্রশ্ন করে- কবে জন্মাবে তুমি

ইউসুফের রক্তাক্ত ছেঁড়া জামার  মধ্যে ইয়াকুব নিজের গন্ধ খুঁজে পায়
 মুখের ভেতর থেকে একটা বাঘ বেরিয়ে এসে বলে
সব সুবাসের ভেতর নিজেকে খুঁজতে হবে

যিশু মৃতকে নয় মূলতঃ নিজেকেই জীবিত করেছিলেন
 
শব্দেরা বড় হচ্ছে
জিহ্বা নড়ছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ