দুটি কবিতা
ফুল না ফুটলে কিসের বসন্ত
রেজাউদ্দিন স্টালিন
ফুল না ফুটলে কিসের বসন্ত
ফুল ফুটবে
স্তব্ধতার পাতায় দুলবে সবুজ হাওয়া
কবির অবাধ্য অক্ষরে দিগ্বিদিকের পাল
কোকিল না ডাকলে কিসের বসন্ত
প্রতীক্ষার প্রাণে সাদা মেঘের গুঞ্জন
হলুদ রাত্রি ফেটে পড়বে পৃথিবীর মুখের ওপর
নদী এবং সমুদ্র কথা বলবে কানে কানে
চিরবন্ধ্যা জমির ফাটলে জন্ম হবে চাঁদের
নগরে বন্দরে স্বপ্ন ফেরি করবে মৌমাছিরা
যুদ্ধরত সন্তানের জন্য মায়ের অপ্রতিহত আশীর্বাদ
তিতুমীরদের প্রতিরোধ যাত্রা শ্বেত শহরে
বিরহে শেয়ার বাজার আর তার ডলার কন্যারা কাঁদুক
ক্রিকেটের কোলাহল আটকে থাক
মোরগবেলায়
পাঠশালার বেঞ্চে কৃষ্ণচূড়া না ফুটলে
কিসের বসন্ত
শিশুর চোখে আত্মাহুতি দিক
বোমারু বিমান
অমঙ্গলের বিপরীতে প্রতিটি প্রার্থনা সুন্দর
হত্যার বিরুদ্ধে সব আর্তনাদ কবিতা
আগুনের ফুল না ফুটলে কিসের বসন্ত
সুষম বণ্টন
বদলে দিতে পারি তোমার ভুল বিশ্বাসগুলো
ভালোবাসার শক্তি অসীম
প্রেমের আলিঙ্গণ পাপ এই ভয় আমাদের মিলনকে কতযুগ ঠেকিয়ে রেখেছে
ঈশ্বর প্রেরিতগণ পুরুষ বলে
তাদের ক্ষমতা নিরঙ্কুশ
পতির পায়ের নিচে স্ত্রীর স্বর্গ
এ এক প্রহসন
আর কখনো পুরুষের পাঁজর থেকে
জন্মাওনি তুমি
সন্তানের জন্মদাতা কেবল পুরুষ নয়
নারীর জরায়ু সৌরউদ্ভিদ
সভ্যতার মাপকাঠি সম্পদের সুষম বণ্টন
এবং অবশ্যই মা- বাবর মূলধনে
সমান অংশীদারিত্ব তোমার
ফুলের সৌরভ নেয়া
কিংবা নীলাকাশ দেখার অধিকার জন্মগত
শুধু সন্তান লালন আর রুটির কারাগারে ক্রুশবিদ্ধ হতে জন্মাওনি তুমি
অতীতে আগুন দিলে বর্তমান অধরা থাকে না
সহমরণের অগস্থ্য যাত্রায় পুড়তে পুড়তে স্বর্গে যাবে
এই বিভীষিকার বাজপাখি ঠুকরে খাচ্ছে পৃথিবীর মুখ
প্রকাশ্য চুম্বন নিষিদ্ধ
কিন্তু কি অবলীলায় মেনে নিচ্ছো পাশবিকতা
তোমার সম্ভ্রম হানি করে এমন ক্ষমতা
কারো নেই
হাজার পুরুষ তোমাকে স্পর্শ করলেও
তুমি থাকো অনাঘ্রাতা
কুমারী মেরি
0 মন্তব্যসমূহ