প্রাবন্ধিক অপরাজিতা রায়|| ড.দেবব্রত দেবরায়
প্রাবন্ধিক অপরাজিতা রায়|| ড.দেবব্রত দেবরায়
শ্রীমতী অপরাজিতা রায় । আমাদের উত্তর পূর্ব ভারতের ছোট্ট রাজ্য ত্রিপুরার এক আলোকিত ব্যক্তিত্ব । সাহিত্য আকাশে এক উজ্জ্বল নাম । আগামী সাতাশে জুলাই তাঁর তিরানব্বইতম জন্মদিন । উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের সাতাশে জুলাই তিনি আসামের গুয়াহাটিতে জন্মগ্রহণ করেন । প্রতিবছরই তাঁর জন্মদিনে আমাদের রাজ্যের লেখক কবিরা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পুষ্প শ্রদ্ধা নিবেদন করেছেন । তিনিও সকাল থেকেই সেজে গুঁজে অপেক্ষা করতেন সবাই কখন আসবে । কিন্তু গতবছর তিনি আমাদের ছেড়ে চলে গেলেন । এবারও আমরা তাঁর বাড়িতে গিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবো । কিন্তু তিনি হাসি মুখে আমাদের জন্য আর অপেক্ষা করবেন না । অত্যন্ত সাহসী দৃঢ় চেতা এই লেখিকা, কবি ও ছড়াকারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি ।
গুয়াহাটিতে পড়াশোনা করার সময় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে উনিশশো পন্চাশ সালে তিনি নিবর্তন মূলক আটক আইনে গ্রেফতার হয়ে বেশ কিছুদিন শিলংয়ে কারারুদ্ধ ছিলেন । উনিশশো বাহান্ন সালে ত্রিপুরায় এসে ঐতিহ্যমণ্ডিত নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে শিক্ষকতায় যোগ দেন । পরবর্তীকালে আরও অনেকগুলো স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে শেষ পর্যন্ত শিক্ষা অধিকর্তার দায়িত্বও পালন করেন ।
আজীবন নারীদের অধিকার ও মর্যাদা নিয়ে তিনি কথা বলেছেন । লিখেছেন । কোলকাতায় বিখ্যাত যুগান্তর পত্রিকায় ছোটদের পাততাড়ি বিভাগে লেখালেখি শুরু করেন চল্লিশের দশকে । উনিশশো পঁচাত্তর সালে তিনি আগরতলায় অনুষ্ঠিত """নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে """ সম্পাদিকার দায়িত্ব পালন করেন । উনিশশো ছিয়াত্তর সালে বারাণসীতে অনুষ্ঠিত নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে বিশেষ ভাবে সংবর্ধিত হন । দুহাজার এক সালে তিনি ত্রিপুরার সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মাননা রবীন্দ্র পুরস্কার লাভ করেন । তিনি প্রায় বত্রিশ বছর একটানা ঐতিহ্যমণ্ডিত ত্রিপুরা রবীন্দ্র পরিষদের সহসভাপতির দায়িত্ব পালন করেন ।
শ্রীমতী অপরাজিতা রায় প্রণীত গ্রন্থগুলোর মধ্যে উল্খেযোগ্য হলো----
ছড়া গ্রন্থ ""বাইরে বাউল "" ,""ঝরে হাওয়ার ঝাপটা """ , প্রবন্ধ গ্রন্থ """ সাহিত্যের বিবর্তিত বাস্তব""" ,"""রবীন্দ্রনাথ ও নারী "", """নারীঃ তার ক্ষমতায়ন ও রাজনৈতিক সংখ্যালঘুতা """ ,""" একক পাঠে ত্রিপুরার সাহিত্য সন্ধান """। এছাড়াও তিনি সম্পাদনা করেছেন """ছড়া সমগ্র --অনিল সরকার """ ইত্যাদি ।
আমাদের রাজ্যের এই কৃতী সাহিত্য স্রষ্টার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি । তাঁর বাড়িতে গিয়ে এবারও আমরা তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবো ।
0 মন্তব্যসমূহ