কী লিখি কেন লিখি ইলা লিপি


কী লিখি কেন লিখি 

ইলা লিপি

কী লিখি কেন লিখি 

ইলা লিপি



প্রতিবাদের জন্য লেখাকেই মাধ্যম হিশেবে নিয়েছিঃ


এক অবাধ্য যন্ত্রণা যখন তাড়িয়ে বেড়ায় মূলত তখনই কবিতা আসে বানের জলের মতো। এই পাগল করা কষ্ট যখন পৃথিবীর কারোর সাথেই শেয়ার করা যায়না তখনই প্রকাশ করার মাধ্যম হয়ে পড়ে কবিতা। একটা কবিতা লেখার পর নিজের মধ্যে তৃপ্তি আসে, একপ্রকার ভালোলাগা কাজ করে। কবিতা লেখার শুরু হয়েছিল অষ্টম শ্রেণিতে পড়ার সময়। পারিবারিক আবহ নিজের অনুকূলে না থাকায় একমাত্র কলম হয়ে ওঠে কষ্ট লাঘবের মাধ্যম। কতশত লেখা হারিয়ে গেছে তার কোনো ইয়ত্তা নেই। কবিতা লেখার পাশাপাশি কলাম লেখা আরম্ভ করেছি বছর দুয়েক হলো। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অগণিত ঘটনা নিজেকে ঠিক রাখা দায়, তাই সামাজিক অসংগতি তুলে ধরে মানুষকে বোঝানোও লেখকের দায়িত্বের মধ্যে পড়ে।
বাংলাদেশের নারীদের অবস্থা আফগানিস্তান বা পাকিস্তানের নারীদের মতোই। এখানে নারীদের পছন্দ মাফিক পোশাক পরলে নানা কথা, ট্রল এবং পারিবারিক রোষানলের শিকার হতে হয়। নারীরা কোথাও নিরাপদ নয়। নারীরা সবচেয়ে বেশি যৌন নির্যাতনের শিকার হয় নিজের আত্মীয়স্বজন দ্বারা। একটি শিশু মেয়েকে প্রতি পদে পদে বুঝিয়ে দেওয়া হয় সে আসলে মেয়ে। মেয়ে বলেই তার ভাগ্য নির্মাতার ভূমিকায় পিতামাতা একজন পুরুষের হাতে তুলে দিয়ে স্বস্তিবোধ করে, বিয়ের পর বাবার বাড়ির লোকজন মেয়েটির পাশে থাকেনা।
পারিবারিক সম্পত্তির ন্যায্য মালিকানা থেকে বঞ্চিত করে এবং মেয়ে যতই উচ্চ শিক্ষিত হোক তাকে একটা নির্দিষ্ট ছকে ফেলে জীবনকে দুর্বিষহ করে দেওয়ার রীতি আজ বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, যদিও নারী স্বাধীনতা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ, বাস্তবে তার কোনো প্রয়োগ নেই।
বাংলাদেশে নারীকে সবসময় বুলিং এর শিকার হতে হয়। আর একজন সচেতন নারী হয়ে এ-সব মেনে নেওয়া নিজের জন্য অসম্মানের বটে। আরেকটি বিষয় হলো, বাংলাদেশের সাধারণ মানুষ সাহিত্য বোঝেনা, তারা কবিতার রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামে বোঝে, এদের বদ্ধমূল ধারণা সাহিত্য করে আসলে মেরুদণ্ডহীন লোকেরা, তাই সমাজে এদের সম্মানের জায়গা বরাবরই নড়বড়ে। সাংস্কৃতিক অবক্ষয় রীতিমতো ভয়ংকর রুপ নিয়েছে। কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হয়। একটি কথা যদি দশজনে উচ্চারণ করে তবে তা শক্তিতে রুপান্তরিত হয়।
নারীদের সাহিত্য রচনা এখনও পরিবার মানেনা, কারণ সাহিত্য সম্পর্কে মেজরিটি মানুষের জ্ঞান শুন্য কোঠায়।
সামাজিক অসংগতি মেনে নিতে পারিনা বিধায়, প্রতিবাদের ভাষা হিশেবে লেখালেখিকে আকড়ে ধরেছি।


ইলা লিপি
বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত
ela.lipi87@gmail.com
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ