কী লিখি কেন লিখি
শুভ্রশংকর দাশ
কী লিখি কেন লিখি
শুভ্রশংকর দাশ
কেন লিখি ?
আমি কেন লিখি বা আপনি কেন লেখেন, এ নিয়ে আসলে কেউ মাথা ঘামায় না । আমার লেখালেখি কতটুকুই বা কাজে আসে আপনার বা এই সমাজের । কবিতা লেখার চাইতে বৃক্ষরোপণ অনেক ভালো কাজ।
আর আমার কবিতা কাকলি ফার্নিচার নয় । দামেও কম না। মান ও ভালো না।
আসলে খেয়ে দেয়ে কাজ নেই বলে লিখি। খুব ব্যস্ত থাকলেও , সময় চুরি করে লিখি।
হয়ত আমি মনে মনে জেনে গেছি, আসলে আমি কোনও কামের না, তাই , ''আমি ও কিছু করতে পারি'' এই ভ্রমকে বাঁচিয়ে রাখার জন্য লিখি।
মানে ..ইয়ে..একটু সেলিব্রেটি হইতে ইচ্ছা করে , তাই লিখি! কেন্? আপত্তি আছে নাকি ?আপনে বুকে হাত দিয়া কন তো...ঢং না কইরা...আপনার করে না ?
আপনারা কতকিছু কইরা উল্টাইয়া লাইতাছেন। আমিও উল্টাইতে পারি কিনা সেই চেষ্টা করার জন্য লিখি।
আমাদের প্রতিটি প্রকাশ আমাদের সত্তা, চিন্তা ও অনুভবকে ছড়িয়ে দিতে সাহায্য করে। ছড়িয়ে পড়া মানে মুক্ত হওয়া। মানুষ আজন্ম মুক্ত হতেই চায়। আসলে , সে মুক্ত হবে ভেবেই মোহ মায়ায় বাঁধা পড়ে , বন্ধনকেই মুক্তি ভেবে ডুবে থাকে।
সেই মুক্তির স্বাদ পেতেই লিখি হয়ত।
মানুষত গাছ, পাথর, পাগল এমনকি নিজের প্রতিবিম্বের সাথেও কথা বলে।
আমি ভালো কথা বলতে পারি না, সেই দুঃখেই লিখি হয়ত।
লিখলে যদি আপনারা দয়া কইরা আমার কথা একটু শুনেন। একটু মর্যাদা দেন ..এই আরকি !
না শুনলেও অবশ্য আমার ভাত হজম হবে।
কবিতা লিখলে বহুবার জন্ম ও মৃত্যু বরণ করা যায় । সম্ভাবনা কে অক্ষরের শরীর দিয়ে প্রতিষ্ঠা করা যায়।
যেখানে সেখানে লিখতে বসেই কতবার স্বর্গ ও নরক খুঁটে খেয়েছি, কতবার ইশ্বর ও শয়তান হয়েছি, তা জানে ডাস্টবিনে পড়ে থাকা কাগজের গোলা আর আমার মনপোড়া পাইথন।
আসলে , কত কিছুই ত বলা যায় না আজকাল !
কবিতায় লিখলে, লেখাও হবে, কেউ বুঝতেও পারবে না ! তাই কাগজ কলম ঝিকিমিকি ।
গড়িয়ে যাওয়ার আগে,
একটু বুদবুদ হয়ে ছড়িয়ে পড়ার জন্য লিখি ।
0 মন্তব্যসমূহ