কী লিখি কেন লিখি
দীপশিখা পোদ্দার
কিছুই লিখি না। মানে এখনও পর্যন্ত কিছুই লিখে উঠতে পারিনি। এটা খুবই সত্যি এবং খুব সচেতনভাবেই আমার মনে হয় যে এ পর্যন্ত স্মরণযোগ্য একটি লাইনও আমি লিখে উঠতে পারিনি। কখনও পারবো কিনা তাও জানিনা।
প্রশ্ন উঠতেই পারে তাহলে নতুন লেখার কাছে যাই কী করে! আর কেনই বা যাই। এ বেশ জটিল একটা প্রশ্ন। এ প্রশ্নের কাছে আমি একেবারে মুখ থুবড়ে পড়ি। উত্তর হাতরাই। খুঁজি। মনে হয় একটু চেষ্টা করলেই এ বিষয়ে অনেক কিছু বলতে পারবো। কিন্তু লিখতে বসলেই কথা হারিয়ে যায়। কেন যে লিখি, কেন যে লেখা আমাকে টেনে নিয়ে তার কাছে বসায় ! মাঝে মাঝে মনে হয় অনেক কিছু শেখার আছে। অনেক অনেক কিছু। বুকের ভেতরে হাজারটা লেখার উপাদান গজগজ করে। নানান শব্দ, নানান বাক্যের তোড়জোড় শুরু হয়ে যায় ভেতরে। আসলে আমি ভে দেখেছি , আমরা যারা কলমচর্চা করি, কলমচি--- তারা এই কলমটাকেই কাজে লাগাই জীবনের বা সমাজের বিভিন্ন অনুকূল বা প্রতিকূলতার পক্ষে বা বিপক্ষে। কেননা আমরা তো আর কিছু পারি না। কেউ যদি অপমান করে, কেউ যদি ভালোবাসে বা কেউ যদি জীবনকে শূন্যতায় ডুবিয়ে দিয়ে চলে যায় ---- সেই কষ্ট বা আনন্দের পুরো চাপটাই গিয়ে পড়ে লেখার ওপরে। ব্লটিং পেপারের মতো আমার ভেতরের সব ভার তখন শুষে নেয় আমার লেখা। আমি নির্ভার হয়ে উঠি।
একজন লেখকের চোখ চলে যায় সমাজের কত শত ঘটনা তথা সামাজিক ন্যায়নীতি বিধিনিষেধের ওপর। মন বিদ্রোহ করে ওঠে। মনে হয় চাবুক চালিয়ে দিই। মনে হয় ভেঙে চুরমার করে দিই মনুষ্যত্বকে হত্যা করা যত বিধিনিষেধ। মনে হয় আগুন জ্বালিয়ে দিই মানুষের তৈরি করা ভন্ডামির সব আটচালায়। কিন্তু একজন লেখকের হাতে তো কোনও অস্ত্র থাকে না, ছুরি কাঁচি বারুদ বন্দুক কিচ্ছু চালাতে জানে না সে। সে জানে শুধু কলম চালাতে। সে তাই চালায়। সে যুদ্ধ করে কলমে। সে ভালোবাসা জানায় কলমে। ঘৃণা, প্রতিবাদ, মারের বদলা মার সবই সে উগড়ে দেয় তার নিজস্ব কলমে। কলম দিয়ে সে মারে, কলম দিয়ে সে ভেঙে খানখান করে দেয় অসাম্য আর বিভেদের প্রাচীর। কলম দিয়েই সে তৈরি করে মানুষের সুস্থ সুন্দর চেতনা।
আমিও তো একজন লেখক। সামান্য লেখক। আমার হৃদয়ের কথাও আমি ব্যক্ত করি আমার কলমে। আমার জীবনদর্শন, আমার মতাদর্শ, সমাজ সংসারকে বলতে চাওয়া আমার বক্তব্য --- সবই পৌঁছে দেয় আমার কলম।
না, কলম মানে কিন্তু নিছকই একটা পেন নয়। কলম মানে একজন লেখকের সত্তা। তাঁর জীবনদর্শন। তাঁর আদর্শ। তাঁর চেতনা। কলম মানে মনুষ্যত্ব। শুভবোধ।
0 মন্তব্যসমূহ