প্রতিদিন বাংলাভাষা ডট স্রোত
১০০ কবির নির্বাচিত কবিতা
২৪/১২/২০২০
দুটি কবিতা
বিনয় মজুমদার
১
যদি পারো তবে আনো, আনো জয়ের সম্ভার
যদি মহীরুহ পেয়ে কাছে আসে কতিপয় লতা
তবে তো ক্ষমতা আছে, তার কাছে আত্মনিবেদনে
যেতে পারো সবিনয়ে, হয়তো সে দ্রবীভূত হবে।
এখনো সন্দেহ আছে নতুন পাতার শ্যামলতা
তার কাছ থেকে কোনো জ্যোৎস্না ভিক্ষা করে পাবে কিনা।
সে কি ফল ভালোবাসে, কে জানে সবুজ কিংবা লাল,
কিছু জানি না আমি তবু দীর্ঘ আলোড়ন আছে,
অনাদি বেদনা আছে অক্ষত চর্মের অন্তরালে
তাতে মাংসের মতো গোপন বা গোপনীয় হয়ে।
২
কোনো যোগাযোগ নেই, সেতু নেই, পরিচয় নেই,
তবুও গোপন ঘন নীল বর্ণে বিধৌত হয়েছে-
এই ভেবে যদি খুঁজি, তবে বলো, এ কল্পনা কালো।
আঁধারে সকলি, যথা, কালো বলে প্রতিভাত হয়।
তর্কের সময় নয়; বিপুল বিপদাপন্ন ক্ষুধা।
প্রাণে জ্যোৎস্না লেপনের সাধ যদি নাই হয় তবে
ছিদ্র দিয়ে ডেকে নিয়ে কেন সে যে খোলে না দরোজা।
আহার করার আগে স্নান করা তারই রীতি, প্রেম।
0 মন্তব্যসমূহ