প্রতিদিন বাংলাভাষা. স্রোত আমার মেয়েবেলা ছেলেবেলা :১৩:১২:২০২০

প্রতিদিন বাংলাভাষা. স্রোত                          আমার মেয়েবেলা ছেলেবেলা 
১৩:১২:২০২০


প্রবীর সরকার 
আতা গাছে তোতা পাখি


হাবাগোবা হিসেবে ছোটবেলায় খুব সুনাম ছিলো আমার।বড় হবার পর কেউ সামনাসামনি না বললেও বুঝতে পেরেছি বয়স বাড়লেও বুদ্ধির গোড়ায় জল সারের যোগান ঠিকঠাক হয়নি।থাক্ সে সব আক্ষেপ।আসুন, একটু গল্প শোনাই।
              বছর আটেক বয়স তখন আমার।সুন্দর ঠাকুরমা(বাবার কাকীমা) চাটনি রাঁধছিলেন টমেটো দিয়ে ।জিজ্ঞেস করলাম -টক টমেটোর চাটনি মিষ্টি হয় কি করে? ফিক করে হেসে নিয়ে ঠাকুরমা বললেন- রাঁধুনির হাতের গুণে।যার যত সুন্দর হাত তার চাটনি তত মিষ্টি,হাত ধোয়া জলের গুণ।কিছুই
বুঝলাম না। 
সেই না বোঝা জ্ঞান নিয়ে কলেজে পৌঁছলাম।বছর খানেক একসাথে ক্লাস ফ্লাশ করার পর সহপাঠীনী আচমকা বলে বসলো-'ময়রা যদি এক্সপার্ট হয় দুধ ছাড়াও ছানা হয়।'কি করে তা হয় তা জানার   অবসর আজো পেলাম না।
     খড়ের ওপর বসে যাত্রা দেখছি বড় ছোট বন্ধুরা মিলে।লকপকে সেনাপতি বাতাসে তরোয়াল ঘুরিয়ে সংলাপ বলছে-'এক কোপে সাত সাত শত্রু কোতল করিয়াছি মা জননী।'তরোয়ালে রক্ত নেই,এক কোপে সাতটি কচু গাছও কাটা অসম্ভব,আর এতো লিকলিকে।এসব ভাবার আগেই জোর তালিয়া,উত্তাল শিস্।আমার দুর্ভাবনা বলারও সুযোগ পেলামনা।
এই বৃদ্ধ বয়সে এসে সারা পাড়ায় কাঁসর ঘন্টা বাজিয়ে আমোদ আহ্লাদের জোয়ারে ভাসতে ভাসতে কাউকে জিজ্ঞেস করতেও পারছিনা-দুই পাড়ার দুই ক্লাবের মারামারি অথচ মরলো শুধু এক পাড়ার দেড় ডজনেরও বেশি ।কেউ কারো কাছেও ঘেঁসলোনা,দা শাবল ছোরা বোমা
 নয়,শুধু হাতাহাতি আর ঠেলাঠেলিতেই এত জনের ভবলীলা শেষ?বিপক্ষের কোন ক্ষতি হলোনা অথচ উচিত শিক্ষা পেয়ে পালিয়েও গেলো!
   হবে হয়তো।হাত ধোয়া জলে চাটনি মিষ্টি হয়, দুধ ছাড়া ছানা হয়, অস্ত্র ছাড়া শত্রু মরে।শুধু আমার বুদ্ধিটাই একরকম থেকে গেলো।আমার আতা গেছে এখনো শুধু তোতা পাখিই বসে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ