স্বাধীনতার জন্য ক্রোড়পত্র // তৈমুর খান


তৈমুর খান 

স্বাধীনতার জন্য ক্রোড়পত্র 


খবরের কাগজে কী সব লেখা হয় 
থ্যাঁতলানো অক্ষরের লাশ 
আর ভাঙাচোরা জীবনচিত্রলিপি 
মূল্যবোধ হারিয়ে যাওয়া দেশ... 

পাশফিরে শুয়ে আছি 
মনে মনে ক্লান্ত ইতিহাস 
স্বাধীনতা গড়িয়ে যাচ্ছে 
খারাপ রাস্তাঘাটে কে লুঠ করে নেবে 
ইজ্জৎ 
কে কোথায় তাকে নিয়ে বিক্রি করে দেবে 
আলো ও পুলিশ সব অন্ধ 
আমরা দুরূহ অন্ধকার 

যদিও সংবিধান খেয়ে বাঁচি 
গান্ধীমার্কা ক্যালেন্ডার ঝোলাই 
বিবেকানন্দের রচনা পরীক্ষার জন্য তুলে রাখি 
মাংস রান্না হলে বেশ স্ফূর্তি লাগে 
সারারাত নগ্ন হয়ে ঘুমোনোর সাধ !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ