মৃধা আলাউদ্দিন
একটু স্বাধীনতা চাই
আমাদের ঘরের ভেতরে রাস্তায়-সামনে, মসজিদ-মন্দিরে ভয়ঙ্কর বোমারু বিমান
করোনা ও বানের পানিতে ভেসে যাচ্ছে আমাদের লাখ লাখ মানুষ
রোহিঙ্গা ও রিফিউজিদের চোখে শুধু কান্না আর হাহাকার
কোথাও কোনো ত্রাণ নেই, ভালোবাসা নেই-
নেই কোনো ফুল- শিউলিমালা
যা আছে তাও চলে যাচ্ছে চেয়ারম্যান, আমলা-নেতার পকেটে।
দূরে, কোথাও একটু চাঁদ উঁকি দিলেও তা এখন আর আমাদের নেই
না, আমাদের এই পল্লীতে নেই কোনো ঈশ্বর।
ঈশ্বর থাকলেও তা আছে ওই নতুন শহরে, ভদ্রপাড়ার...
আমাদের আছে কিছু বেদনাবিধুর কান্না, কষ্ট ও যুদ্ধ-
ছেঁড়া, ফালি ফালি করা অগোছালো এলোমেলো সংসার
ঘুমহীন শত শত চোখ-
না, আমাদের কোনো বৃক্ষশোভিত উদ্যান নেই
নেই কোনো বালাখানা, নদীর উজান- স্রোত
আমরা শুধু ভেসে যাচ্ছি ভুরভুর ভাটির টানে...
তমসাচ্ছন্ন একগুচ্ছ বিবর্ণ বিকেল নিয়ে বসে আছি আমরা।
আমাদের সামনে বিস্তীর্ণ, অন্ধকার অমাবস্যা প্রান্তর।
আমরা একটু বাঁচতে চাই। একটু স্বাধীনতা চাই।

0 মন্তব্যসমূহ