হাঁস


কমল সরকার 

হাঁস


জংলা দিঘির জল।

ভোরবেলা হাঁসগুলি দলবেঁধে যায় ---

থপ থপ থই থই।

চারাপোনা মাছ ধরে ঠোঁটে ভরে নেয়,

ধার দিয়ে খলখল জল যায় ঝরে।

রেশনের মোটা চাল।

সকালের খাবারে মা পান্তা বেড়ে দেয় ---

তাই সই তাই সই।

গামলায় মাথা নুয়ে মুখে তুলে নিই,

কশ বেয়ে কাঁকরের গুঁড়ো নিচে পড়ে।

বিকেল গড়িয়ে যায়।

দিঘিপাড়ে দাঁড়িয়ে মা হাঁক দিয়ে ডাকে,

'আয় আয় চই চই!'

হেলেদুলে কলস্বরে হাঁসগুলি আসে,

পালকের ভাঁজে ভাঁজে রোদ যায় মরে।

এরপর অন্ধকার...

আলোর ম্যাজিক নিয়ে বাবা বাড়ি ফেরে।

'কই তোরা? তোরা কই?'

হাঁস হয়ে বসে সব কান্না গিলে খাই,

ঠোঁটের কিনার ঘেঁষে হাসি থরে থরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ