চিত্রশিল্পী // গোবিন্দ ধর

কিছু রুটি আঁকো তারপর  পরিযায়ী শ্রমিকের হাতে ধরিয়ে দিন।
রুটি হাতে রেললাইন ধরে হাঁটছে দেশ।
হাঁটছে গণতন্ত্র সংবিধান বি আর আম্বেদকর।
তারা ক্লান্ত। ভোর রাতে শুয়ে পড়ে লাইনেই।
হাতে রুটি।রুটি হাতে আমাদের বিবেক লাইনেই ক্লান্ত তারা একটু ঘুমাতে চায়।
তারা একটু ঘুমায়।হাতে রুটি।তারা ঘুনাক্ষরেও জানে না
একটি রাক্ষস ট্রেন রক্তপিপাসায় কু-ঝিকঝিক কু-ঝিকঝিক
ঘাঢ় ধড় পিষে ট্রেনটি ছুটছে
একজন শিল্পী আঁকো- বুলেটট্রেন।
রুটিতে লেগে থাকা শ্রমিকের রক্ত আঁকো।
আঁকো শুকনো রুটি বাসি রুটি আর পরিযায়ী বিবেকের লেগে থাকা ঘাম রক্ত মাংস রঙে
একটি অবয়ব দাও
দেখবে ঠিক একই রকম পড়ে আছে এরকমই কিছু শুকনো রুটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ