ধৈর্য যখন প্রান্তসীমায় // শক্তি দত্ত রায়

এতো ঘুম সমাজের কোন্ গুহাতে লুকিয়ে ছিলো।

অনেক অন্ধকারে বাড়ছিল দুঃস্বপ্ন,

গোপনে ছিলো তীক্ষ্ণ নখাগ্র, শাণিত দন্তপাটি।

সবাই ভেবেছিলাম, ও কিছু নয় স্বপ্ন শুধু।




এখন হাতে অস্ত্র মুখে স্লোগান নিয়ে তারা পাড়া কাঁপায়।

এখানে ওখানে ঘরের মেয়েকে ছিঁড়ে নিয়ে ছুঁড়ে ফেলে,

কিশোর ছেলেটির মগজের খোপে বিষ ঢালে।

মন্দির মসজিদ গীর্জা সব অধিকৃত, বিকৃত বিধ্বস্ত,




এতোই ঘুমপাড়ানি গান গাওয়া হোলো, 

ভালো স্বপ্ন সব উড়েপুড়ে হারিয়ে উধাও।

ফিরবে কি যতোই মোমবাতি জ্বলুক।

মশাল আনো হাজার লক্ষ মশাল

হাতে হাতে আগুন জ্বলুক

পুড়ে যাক্ আমাদের জমে থাকা বৃথা বুদ্ধির আবর্জনা।




ঘুম ভাঙুক, ভাঙুক ভুল ভাল কাঁচের স্বর্গ।

অসহ্য।  আর মেনে নেয়া অসম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ