মিলনকান্তি দত্তের || মন্ত্র.....

মিলনকান্তি দত্তের  ||  মন্ত্র
.....

১.

বজ্র? সে তো শূন্যের বীর্য
প্রযত্নে পদ্মের ভিতর তুলে
রাখতে হয়। পদ্মের পাইপ
বেয়ে পুনশ্চ ফিরে যায়,
পুনশ্চ স্পেসস্টেশনের দিকে। 
কলমে যতোটুকু কাঁপে
কবিতার পাতা, ততোটুকুই
কবিদের সেক্স ম্যানুয়েল! 

২.

পেন্নাম চেয়েছিলে, দিলাম
তৎসম দণ্ডবৎ। ও আমার
ঢ্যাঙাদিবসের সূর্য, ওগো
বামনের ছোঁয়া লাগা চাঁদ। 
আমার কথা বলে লাভ নেই,
মৌলবীবাজার থেকে ঘুরে 
এসে বলেছি, ফরেন থেকে
এলাম, অঙ্কুশমুদ্রায় গঙ্গা,
নখ যদি লেগে যায় তবে
ক্ষমা করো পুরুতদর্পণ।

৩.

একপয়সায় একটি সিরিজের
নক্ষত্র কিনতে পারে এমন কে
কুবের আছে? কবিতাভবনের
সিঁড়ি মাঝেমাঝেই খুলে দ্যাখে
                   বুলন্দ্ দরওয়াজা! 

৪.

হাতের নৌকোয় পড়েছে
বৃষ্টিফোঁটা। নীলাম্বরীর
নাভির নোলকবিন্দু।
আঙুলের ফাঁক গলে
নেমে যাচ্ছে জলমতী
তরল, আমার
             মুহূর্তবিলাপ। 

৫.

হে কবিতার যুদ্ধকলম,
ভাষাও যদি তোমাকে
প্রতিআক্রমণ করে
তোমাকেই জিতিয়ে না দেয়,
তবে কার পরাভব? বলেন
জনসন, শোনেন
             বসওয়েল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ