কিশোররঞ্জন দে
পীযূষ রাউত
অসামান্য কবি -গল্পকার কিশোর রঞ্জন দে অসুস্থ ভীষণ। ১৯৭৬ এ কৈলাসহর থেকে ধর্মনগরে এসে যে একঝাঁক উজ্জ্বল যুবকের সান্নিধ্যে অগ্রজ আমিও তাদের সমবয়সী হয়ে উঠলাম, তারা সকলেই সাহিত্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত। যেমন প্রয়াত গল্পকার দীপক দেব, রণজিৎ রায়, দীপক চক্রবর্তী, সেলিম মুস্তাফা এবং সর্বোপরি কিশোর রঞ্জন দে। পর্শু থেকে বারংবার সেই সময়ে লেখা একটা আমার একটা কবিতার অংশ বিশেষ আমাকে অস্থির করে তুলছিল। " কিশোরের নীল পুলওভার"।খুঁজতে খুঁজতে অবশেষে আজ সকালে ৪৫ বছর আগে লেখা কবিতাটা উদ্ধার করলাম।এই কবিতার মুল উৎস অবশ্যই কিশোরের উজ্জ্বল নীল রঙের পুলওভার। ১৯৭৭ সালে জয়ন্ত রায় ও পীযূষ কান্তি দাশবিশ্বাস সম্পাদিত ' আমি ' পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
খামোকা গদ্য :কিশোররঞ্জন দে
অনুভব শব্দ পীড়া কিশোরের নীল পুলওভার সামুদ্রিক ফেনপুঞ্জ কোন বিশেষ মহিলার রবীন্দ্রসঙ্গীত ডজনদুই ডিনামাইট আমার
বুকপকেটে পাহাড় ভাঙছে নদী এবং নায়েগ্রা।
রেডি ওয়ান টু থ্রি এক বিশাল বৃক্ষের চামড়ায়
বিঁধে আছে সবল কুঠার হিপ্ হিপ্ হুররে থ্রি চিয়ার্স
ফর পরশুরাম হিপ্ হিপ্...
শূন্যে ডিগবাজি খাচ্ছে দানবের নীল চোখ জলের
তোড়ে সামাল সামাল সামাল জংলীদের গ্রামে
উৎসব বিধ্বস্ত শহরতলীতে বিদ্গুটে তিন হাত চার
পা এক শিশুর জন্ম হল ককিয়ে উঠল ভূ...ভূ শব্দে
মাটি কী ঘেন্না কী ঘেন্না সাবধান সেপাইসান্ত্রী
যাত্রাগানের গোলাকৃতি চত্ত্বরের গা ঘেঁষে দামামা
বাজছে দ্রিম্ দ্রিম্ বিশ্বযুদ্ধের জন্য একটা দারুণ
রিহার্সাল আকাশে প্রচণ্ড রকমে মাতাল জাহাজ
ক্যাপ্টেন তোশিবা সাবধান সাবধান সামনে টাইফুন।
0 মন্তব্যসমূহ