সুস্মিতা চৌধুরী'র কবিতা

সুস্মিতা চৌধুরী'র কবিতা


১।  মাঝে মাঝে ‌খুব নির্লিপ্ত হয়ে যাই
মনে হয় লাথি খেয়েও বেঁচে থাকতে পারি,

যেন আমার কোন অপেক্ষা ছিলো না
আমি কারোর চিঠি চাইনি
যেন আমি জন্মে থেকে ধুলোবালি ছিলাম

যা লিখি, লিখি সব ধুলো

২।   আমি না লিখলেও নদী বয়
ফুলেদের কানাকানি, মধুঝরা রাত
সবকিছু একই থাকে
এমনকি না লেখার জন্যে কোন আত্মগ্লানি, দহন নেই
বরং আমি লেখকজীবন থেকে দূরে কিছু খড়কুটো জোগাড় করেছি
একটা বাগান আছে
না লেখার পাপ ধুয়ে গোলাপ গাছে জল দিই

   
৩।  কবি বা অকবিজীবন, জানি না
প্রতিটা লেখার শেষে মরে যাই
প্রতিটা লেখার আগে বেঁচে উঠি

মধ্যবর্তী সময়টুকু ,
আত্মদীপো অক্ষর সাজাই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ