কী লিখি কেন লিখি
বিজন বোস
কী লিখি কেন লিখি
বিজন বোস
কেউ যেন বলেছিল " লিখে কিছু হয় না" । এর ঠিক বিপরীতে আমার অবস্থান। কী লিখি ? নিজের কথা লিখি মানুষের কথা লিখি , জীবনের কথা লিখি । কেন লিখি ? নিজেকে অর্গলমুক্ত করার জন্য লিখি , অবশ্যই লেখার মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যই লিখি।
সেই ছোটবেলা থেকে স্কুলের সাহিত্য সভায় আবৃত্তির মাধ্যমে কবিতাকে ভালোবাসা । দিন যত গড়িয়েছে কবিতার প্রতি ভালোবাসা কমেনি বরং বেড়েছে । নিজের মনের শোক দুঃখ হতাশা বেদনা ভুলতে এবং আনন্দকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে থাকতাম কবিতার আশ্রয়ে । ছোটবেলায় লিখতাম মনের খেয়ালে , মন চাইতো কিছু লিখি। কিন্তু কী লিখবো ? হ্যাঁ অবশ্যই সাধারণের কথা । কুসংস্কার, আর্থ সামাজিক রাজনৈতিক দূর্বৃত্তায়ন ছাড়াও প্রেম বিরহ হাসি আনন্দ উঠে আসতো কলমে। কোন ঘটনা বা দর্শনের সঙ্গে কেউ যখন একাত্ম হয়ে যায় তখন আসে তৃপ্তি । নিজেকে শিল্পী ভাবতে ভালো লাগতো । লেখালেখি শিল্পই , সেই ভালোলাগা বোধ থেকে লেখা । ছাত্র জীবনে যা লিখেছি জীবনের পঙ্কিল পাঁকে সব হারিয়েছি। রাজনীতির প্রতি ছিল অগাধ টান । কলেজ শিক্ষকতায় ডাক পেয়েও রাজনীতির টানে সেদিকে পা বাড়াইনি, কিন্তু যখন বুঝলাম সততা নিয়ে রাজনীতি করা দুঃসাধ্য , পিছিয়ে আসলাম । সেই সারাদিনের কথা বলার অভ্যাস পাল্টে আবার আস্থা রাখলাম কলমে , কবিতা লেখায় কখনও গল্প লেখায় নাটক লেখায় । চল্লিশোর্ধ বয়সে সংসারী সাজতে গিয়ে দেখলাম জীবনে কোন না কোন প্রফেশনে পূর্ণ সময় নিজেকে ব্যস্ত রাখা চাই তখন যে পেশায় এলাম , এখান থেকে লেখালেখি চালিয়ে যাওয়া অনেক কঠিন ।কিন্তু মনের ভালোলাগা ভালোবাসাকে যে স্থান দিতে হবে, তার মানে লিখতেই হবে ; যত কষ্টই হউক । লেখালেখির জন্য আলাদা করে সময় বের করতে পারিনা বলে মানুষের সঙ্গে কথা বলতে বলতেই লিখি , সামাজিক দ্বায়বদ্ধতা থেকেই লিখি । যতদিন বাঁচি, যাই লিখিনা কেন লিখে যেতে পারলেই আনন্দ...
0 মন্তব্যসমূহ