কী লিখি কেন লিখি
কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী
কী লিখি কেন লিখি
কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী
---------------------------------------------
কী লিখি?
যখন যা মনে হয় তাই লিখি। ছোটবেলা থেকেই ছন্দ মিলিয়ে মুখে মুখে ছড়া বানাতাম। সেটা কখনও লেখা হতো, কখনও হতো না, মনে থেকে মনেই হারিয়ে যেতো। আবার নতুন রূপে, নতুন ছন্দে ফিরে আসতো অন্য কোনো ভাবনাকে সঙ্গী করে...যেভাবে সমুদ্র থেকে ছোট ছোট ঢেউ এসে সমুদ্র-গর্ভেই বিলীন হয়ে যায়, অনেকটা এরকমই! এই প্রাক-পঞ্চাশেও ওরা সেভাবেই আসে আমার মনে, কিছু কিছু ধরতে পারলে ধরি, বাকিটা ছেড়ে দিই, জানি তো ওরা ঠিক আবার আমার কাছে ফিরে আসবে অন্য কোনো রূপে...
কখনও ছড়া, কখনও পদ্য আবার কখনও ব্যক্তিগত গদ্য, যখন যেভাবে আসে আমি সেভাবেই ওদের গ্রহণ করি। আর এভাবেই আমার লেখার নামে খেলা কিম্বা খেলার নামে লেখা চলতে থাকে কোনো স্থান, কাল, পাত্রের তোয়াক্কা না করেই....
কী লিখি তখন ভাবনা নয়, লিখতে পারলেই যেন মুক্তি!
#####
কেন লিখি?
কেন লিখি জানিনা। লিখতে ভালো লাগে তাই লিখি। ভাবনাগুলো যখন মনের মধ্যে ভীড় করে আসে,তখন হয়তো ওরা মুক্তি চায় আমার লেখার মাধ্যমে, হয়তো ওরা ছড়িয়ে যেতে চায় সমষ্টির মধ্যে, কে ওদের গ্রহণ করলো আর কে করলো না, তা নিয়ে ওরা খুব একটা বিচলিত নয়! এই অনুভূতি টা যখনই জাগ্রত হয় মনে, তখনই ওরা আসে আর আমাকে দিয়ে কিছু লিখিয়ে নেয়। একটা ঘোর যেন ঘিরে রাখে তখন!
আবার এমন ও হয়, অনেকদিন কিছু লিখতেই পারিনা! নানারকম ব্যস্ততা কাটিয়ে যেটুকু সময় নিজের করে পাওয়া, তখন এই অভাববোধ টা মনের মধ্যে কোথাও ঘিরে ধরে, শত চেষ্টা করেও তখন লিখতে পারি না!
আবার অপেক্ষার পালা শুরু হয়...তখন.কেউ যেন মনের মধ্যে গুনগুন করে-- " কার মিলন চাও বিরহী?" অপেক্ষার পালা শেষ হয় আবার নতুন কোনো ভাবনাকে সঙ্গী করে, যা আবার লেখা হয়ে ফিরে আসে!
0 মন্তব্যসমূহ