সরলপদ্য /নির্মল দত্ত



সরলপদ্য ১০/ নির্মল দত্ত

অষ্টমীর মধ্যরাত। কলম নিয়ে আছি।
গান হবার ছিল কথা। প্রকৃতি
কেড়ে নিয়ে গেছে। বিশ্বাস---
কলম বদলাতে পারে প্রকৃতি
মানুষ ও পৃথিবীর। এবং বদলযোগ্য
সবকিছু। 

সুতরাং,
মধ্যরাত, আমি ও কলম
তান্ত্রিক বিধিমতো
সজাগ রয়েছি!

সরলপদ্য ১২/নির্মল দত্ত

"তুম মুঝে খুন দো, ম্যায় তুম্হে
রিপোর্ট দুঙ্গা!"---বলেছে পাগল সাক্সেনা।
দেখে মনে হল, পরম সত্য এই!
রক্তেই তো লেখা থাকে উৎস ও পরম্পরা।
মহানতন্ত্রে এই, আজ, যে বিষয়টি জানা
ভীষণ জরুরী!
তাই চলো, রাজরক্তকে, প্রশ্ন করি---
উৎস বলো! সে' পাগলটিই আজ
একমাত্র বিচারক। দুয়ারে দুয়ারে ভিক্ষা না চেয়ে,
শত্রুর নষ্টঠিকুজি মুখস্থ না করে,
চলো, হাতটি বাড়াও,
এবং সাক্সেনার কাছে
রক্তের নমুনা জমা দাও!

(সৌজন্য : 'ভাবীজী ঘর পর হ্যাঁয়?' A popular TV Serial of '&TV' )

সরলপদ্য-১৪/নির্মল দত্ত

গান হয়ে উঠতে গিয়ে
যে কবিতাটি
মাঝপথে হারিয়েছে পথ;
যে গানটি, সুষমার কাছে যেতে গিয়ে 
সুর ভুলে গেছে---
চলো, ডাকি তাদের আজ
পূর্ণিমার প্রেমালোয়। 
শুরু করি মুশায়রা নতুন,
প্রথমদিনের সেই 
ভুলে যাওয়া শিল্পশপথে !

সরলপদ্য-১৫/নির্মল দত্ত

কালোকে, কালো বললে, লালনীল
হলুদসবুজ  সকলেরই
বিরাগভাজন হতে হয়। 
যাত্রাকালে যাহা ডান, প্রত্যাবর্তনে সে-ই
বামে বিরাজিত!
জন্ম ও মৃত্যুর সন্ধিপলে এসে, নিকষ
এই সত্য জেনেছি---
সুবিধা নির্ণয় করে রঙ
অবস্থানের, এবং
অবস্থান রঙেরও!

সরলপদ্য-১৬/নির্মল দত্ত 

এখন শব্দ নেই। স্মৃতিকাতর কিছু আলো
জ্বলে আছে শুধু, কয়টি বাড়িতে।
হৃদয় মাংসপোড়া গন্ধ নিয়ে
চলে গেছে শব্দ-আতস-ঘটা জমকালো। 

জীবন অতীত হলে চিতা। দেহাতীত উৎসব
তারপর। পার্বণ সাঙ্গ হলে এমনিভাবেই
হৃদয়পুরের কয়টি বাড়িতে
জেগে থাকে দেহাতীত আলো !
                                       (3rd Nov. 2019) 

সরলপদ্য ১৭/নির্মল দত্ত

ভুলগুলি, দৃশ্যপটে, ফিরে ফিরে না এলে
বলো, কীভাবে রোশন হবে সারসের
শুদ্ধ উড়ান?
বোতল-প্লাস্টিকসঙ্কুল স্খলচেতনার
বিপন্ন অবস্থানে, স্বচ্ছতার স্নিগ্ধপ্রতিমা
প্রশংসিত ছবি না হলে, কোন্ কৌশলে
স্বচ্ছঘোষণার চাণক্যনিবেশ
দীর্ঘজীবী হবে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ